images

স্পোর্টস / ক্রিকেট

ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক-বল মাকে উপহার দিয়েছেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক

০১ মার্চ ২০২৬, ০৯:০৬ পিএম

মাত্র ১৮ বছর বয়সেই একের পর এক রেকর্ড গড়ে চলেছেন লামিন ইয়ামাল। তার প্রায় প্রতিটি কীর্তিই নতুন মনে হয়, আর সেই তালিকায় এবার যোগ হলো বার্সেলোনার জার্সিতে প্রথম হ্যাটট্রিক।

কঠিন হওয়ার কথা ছিল এমন এক ম্যাচে ভিয়ারিয়ালকে ৪–১ গোলে হারিয়ে কাজটা সহজ করে দেয় বার্সেলোনা। ম্যাচের নায়ক ছিলেন ইয়ামাল, তিন গোল করে লা লিগার শীর্ষস্থান ধরে রাখতে বড় ভূমিকা রাখেন তিনি। ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়া জানান এই তরুণ উইঙ্গার। স্প্যানিশ সম্প্রচারমাধ্যম মুভিস্টারকে ইয়ামাল বলেন, কিছুদিন ধরে চোটের কারণে নিজের সেরা খেলাটা উপভোগ করতে পারছিলেন না তিনি।

“মানুষ চায়, আপনি ১৬ বছর বয়সেই ১০০ গোল করবেন। কিন্তু আমি ভালো ছিলাম না। গ্রোয়িনে ব্যথা ছিল, সব মিলিয়ে কঠিন সময় গেছে। আগে আমি খুশি ছিলাম না, সেটি মাঠেও বোঝা যাচ্ছিল। তবে গত সপ্তাহ থেকে নিজেকে ভালো লাগছে, খেলতে খেলতে হাসতে পারছি। মাঠে থাকলেই আমি এখন খুশি,” বলেন ইয়ামাল।

বার্সেলোনার সামনে এখন ব্যস্ত সূচি অপেক্ষা করছে। সামনে রয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রে সেমিফাইনালের দ্বিতীয় লেগ। প্রথম লেগে চার গোলের ব্যবধানে পিছিয়ে থাকায় ফাইনালে উঠতে হলে প্রায় নিখুঁত পারফরম্যান্স করতে হবে কোচ হান্রসি ফ্লিকের দলকে। এই কারণেই ম্যাচটি দ্রুত শেষ করে কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিতে চেয়েছিলেন ফ্লিক। কিন্তু ইয়ামাল তখনও মাঠ ছাড়তে রাজি ছিলেন না।

ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আমি ফ্লিককে বলেছিলাম, আমাকে বদলি করার আগে একটু অপেক্ষা করতে। আমি তৃতীয় গোলটা করতে চেয়েছিলাম- দলের তৃতীয় গোল নয়, সৌভাগ্যক্রমে সেটা আমারটাই হয়েছে।” হ্যাটট্রিক করলে ম্যাচ শেষে রেফারির কাছ থেকে ম্যাচ বল পান খেলোয়াড়রা। অনেক খেলোয়াড়ের কাছে এটি সাধারণ ব্যাপার হলেও ইয়ামালের কাছে এটি ছিল বিশেষ এক স্মৃতি।

সেই বলটি তিনি উপহার দিয়েছেন তার মাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তুলে ধরেন ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।