images

স্পোর্টস / ক্রিকেট

শেষ ওয়ানডেতে বিশ্বরেকর্ড অস্ট্রেলিয়ার বিদায়ী অধিনায়কের

স্পোর্টস ডেস্ক

০১ মার্চ ২০২৬, ০৪:৩০ পিএম

রূপকথার গল্পের মত পূর্ণতা দিয়েই ক্যারিয়ারে একদিনের ক্রিকেটের অধ্যায়টা যেন শেষ করলেন অ্যালিসা হিলি। অস্ট্রেলীয় অধিনায়ক আজ মাঠে নেমেছিলেন নিজের শেষ ওয়ানডে খেলতে। হোভার্টের বেভারলি ওভালে ভারতের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছে হিলি। সেই সঙ্গে নিজের বিদায়ী ম্যাচটা তিনি রাঙিয়েছেন এক বিশ্বরেকর্ডে। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে এ ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। ব্যাতিংয়ে নামার আগে হিলিকে গার্ড অব অনারও দেন ভারতের ক্রিকেটাররা। বিদায়ী ম্যাচের সম্মান নিয়ে খেলতে নামার পরই যেন বিধ্বংসী হয়ে ওঠেন হিলি। শেষ পর্যন্ত তিনি খেলেছেন ৯৮ বলে ১৫৮ রানের দৃষ্টিনন্দন এক ইনিংস। ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে এটি নতুন বিশ্ব রেকর্ড।

গত জানুয়ারিতেই হিলি জানিয়েছিলেন ভারত সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। আগামী সপ্তাহেই খেলবেন নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট। এর আগে আজ বিদায় নিলেন ওয়ানডে থেকে। এ ম্যাচই যেন তিনি বেছে নিয়েছিলেন বিশ্বরেকর্ড গড়ার ম্যাচ হিসেবে। 

৪৯ বলে ফিফটি করা হিলি আজ সেঞ্চুরি ছুঁয়েছেন ৭৯ বলে। এরপর ১০০ থেকে ১৫০-এ যেতে লেগেছে মাত্র ১৬ বল। দেড় শয় পৌঁছানোর আগেই অবশ্য পায়ের পেশির টানে অস্বস্তিতে পড়েন তিনি। শেষ পর্যন্ত ২৭টি চার ও ২টি ছক্কায় সাজানো ১৫৮ রানের ইনিংস শেষ হয় ৩৭তম ওভারে স্নেহ রানার বলে বোল্ড হয়ে। 

মেয়েদের ক্রিকেটে শেষ ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দেন হিলি। ২০০৭ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজের শেষ ওয়ানডেতে ১৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার জোহমারি লোগটেনবার্গ। এই রেকর্ড এখন বিদায়ী অস্ট্রেলিয়া অধিনায়কের। 

হিলির রেকর্ডের দিনে অস্ট্রেলিয়া ৫০ ওভার ব্যাট করে ৭ উইকেটে ৪০৯ রান করেছে। এটি অস্ট্রেলিয়ার মাটিতে নারী ওয়ানডেতে সর্বোচ্চ, আর ভারতের বিপক্ষে যে কোনো মাঠেই সর্বোচ্চ।