স্পোর্টস ডেস্ক
০১ মার্চ ২০২৬, ০৪:১৬ পিএম
ফুটবল ম্যাচের গতি বাড়ানো ও সময়ক্ষেপণ কমাতে একগুচ্ছ নতুন নিয়ম অনুমোদন করেছে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুন থেকে এসব নিয়ম কার্যকর হবে এবং প্রথমবারের মতো প্রয়োগ করা হবে ২০২৬ বিশ্বকাপে। আসরটি যৌথভাবে আয়োজন করবে মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা।
ব্রাজিলভিত্তিক সংবাদমাধ্যম টিমাও জানিয়েছে, জাতীয় ফুটবল ফেডারেশনগুলো ধাপে ধাপে এসব নিয়ম গ্রহণ করতে পারবে। ক্লাব পর্যায়ে বছরের দ্বিতীয়ার্ধে নিয়মগুলো অনুসরণ করা হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, থ্রো-ইন ও গোল কিক নিতে সর্বোচ্চ পাঁচ সেকেন্ড সময় পাওয়া যাবে। নির্ধারিত সময়ের বেশি নিলে প্রতিপক্ষ দল বলের দখল পাবে। বদলির ক্ষেত্রেও আনা হয়েছে সময়সীমা, খেলোয়াড় পরিবর্তন ১০ সেকেন্ডের মধ্যে সম্পন্ন করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট দলকে এক মিনিট একজন কম নিয়ে খেলতে হবে।
ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবহারের ক্ষেত্রও সম্প্রসারিত হয়েছে। ভুলভাবে দ্বিতীয় হলুদ কার্ড দেওয়া হলে বা ভুল খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানো হলে ভিএআর হস্তক্ষেপ করতে পারবে। এছাড়া কর্নারের সিদ্ধান্ত নিয়েও পর্যালোচনার সুযোগ থাকবে, তবে তা যেন খেলার গতি ব্যাহত না করে, সেই নির্দেশনাও দেওয়া হয়েছে।
আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে চিকিৎসা সংক্রান্ত নিয়মে। মাঠে চিকিৎসা নিলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে অন্তত এক মিনিট মাঠের বাইরে থাকতে হবে, এরপরই তিনি খেলায় ফিরতে পারবেন।
এদিকে, প্রতিপক্ষের সঙ্গে কথা বলার সময় মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করার একটি প্রস্তাবও আলোচনায় রয়েছে। সাম্প্রতিক সময়ে ভিনিসিয়ুসকে ঘিরে বর্ণবাদ ইস্যু সামনে আসার পর বিষয়টি নতুন করে গুরুত্ব পায়। তবে এ প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি।
আইএফএবি জানিয়েছে, এসব পরিবর্তনের মূল লক্ষ্য হলো ম্যাচের বল-খেলার সময় বাড়ানো এবং দর্শকদের জন্য আরও গতিময় ও আকর্ষণীয় ফুটবল উপহার দেওয়া। ২০২৬ বিশ্বকাপ থেকেই এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখা যাবে বলে আশা করা হচ্ছে।
এসটি