স্পোর্টস ডেস্ক
০১ মার্চ ২০২৬, ১১:৪৩ এএম
মাত্র ১৮ বছর ২৩০ দিন বয়সে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন লামিনে ইয়ামাল। একুশ শতকে লা লিগার সর্বকনিষ্ঠ হ্যাটট্রিকদাতা এখন বার্সেলোনার এই স্প্যানিশ তরুণ। এর আগে এই রেকর্ডটি ছিল লিওনেল মেসির দখলে। তিনি প্রথম হ্যাটট্রিক করেছিলেন ১৯ বছর ২৫৯ দিন বয়সে। শনিবার রাতের আগ পর্যন্ত সেটিই ছিল সর্বকনিষ্ঠ হ্যাটট্রিকের রেকর্ড।
ইয়ামালের হ্যাটট্রিকে শনিবার রাতে ৪-১ গোলে ভিয়ারিয়ালকে উড়িয়ে দেয় বার্সেলোনা। ঘরের মাঠে শুরু থেকেই দাপট দেখায় কাতালান জায়ান্টরা। ২৮ মিনিটে এগিয়ে যায় বার্সা। মাঝমাঠে বল কেড়ে নিয়ে ফেরমিন লোপেজ পাস দেন ইয়ামালকে। প্রথম ছোঁয়াতেই বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে বাঁ-পায়ের নিখুঁত শটে গোল করেন তিনি।
৯ মিনিট পর নিজের একক নৈপুণ্যে দ্বিতীয় গোলটি করেন ইয়ামাল। ডিফেন্ডার সার্জি কারদোনা ও আলবার্তো মোলেইরোকে কাটিয়ে দুর্দান্ত বাঁকানো শটে ব্যবধান ২-০ করেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৯ মিনিটে ভিয়ারিয়ালের পাপে গুয়ে কাছ থেকে শট নিয়ে ব্যবধান কমিয়ে ২-১ করেন।
তবে ৬৯ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন ইয়ামাল। বদলি হিসেবে নামা পেদ্রির চমৎকার থ্রু-পাস ধরে ঠান্ডা মাথায় গোল করে নিজের পেশাদার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক সম্পন্ন করেন তিনি। যোগ করা সময়ে বদলি খেলোয়াড় লেভানডভস্কি চতুর্থ গোলটি করেন। জুলেস কুন্দের ক্রস থেকে সহজ ট্যাপ-ইনে ৪-১ গোলের বড় জয় নিশ্চিত হয় বার্সেলোনার।
২৬ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদ এক ম্যাচ কম খেলে সংগ্রহ করেছে ৬০ পয়েন্ট।
এসটি