images

স্পোর্টস / ক্রিকেট

প্রথম ব্যাটার হিসেবে এক বিশ্বকাপে দুই সেঞ্চুরি পাকিস্তানি ওপেনারের

স্পোর্টস ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৪ পিএম

আইসিসি পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রান করার ১২ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন পাকিস্তানের ফর্মে থাকা ওপেনার সাহিবজাদা ফারহান। বিরাট কোহলিকে টপকে এই রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। একই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে দুইটি সেঞ্চুরি করার বিরল রেকর্ডও গড়েছেন পাকিস্তানি এই ওপেনার।  

শনিবার পাল্লেকেলের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে এই কীর্তি গড়েন ২৯ বছর বয়সী এই ব্যাটার। ম্যাচে নামার আগে পাঁচ ইনিংসে তার সংগ্রহ ছিল ২৮৩ রান। ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলে দাসুন শানাকাকে বাউন্ডারি মেরে নিজের ৩৭তম রান তুলতেই ভেঙে যায় রেকর্ডটি।

এর ফলে তিনি ছাড়িয়ে যান ভারতের বিরাট কোহলিকে। ২০১৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে কোহলি ১০৬.৩৩ গড়ে ৩১৯ রান করেছিলেন, যা এতদিন এক আসরে সর্বোচ্চ রান হিসেবে টিকে ছিল। এই তালিকায় আরও আছেন পাকিস্তানের বাবর আজম এবং শ্রীলঙ্কার দুই কিংবদন্তি তিলকরত্নে দিলশান ও মাহেলা জয়াবর্ধনে।

এক আসরে পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান
সাহিবজাদা ফারহান (পাকিস্তান) — ৩৮৩ রান, ২০২৬
বিরাট কোহলি (ভারত) — ৩১৯ রান, ২০১৪
তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা) — ৩১৭ রান, ২০০৯
বাবর আজম (পাকিস্তান) — ৩০৩ রান, ২০২১
মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা) — ৩০২ রান, ২০১০

শুরু থেকেই আগ্রাসী ব্যাট করা ফারহান আজ পেয়েছেন সেঞ্চুরির দেখাও। ৫৯ বলে সেঞ্চুরি করেন তিনি। তাঁর মারকুটে ব্যাটিংয়েই দলীয় দুইশ রানের সংগ্রহ পেরিয়ে যায় ম্যান ইন গ্রিনরা। তবে শেষ ওভারের প্রথম বলে আউট হন তিনি। ৬০ বলে ১০০ রান করে সাজঘরে ফিরেন তিনি।  

এবারের বিশ্বকাপে ফারহানের দ্বিতীয় সেঞ্চুরি এটি। এর আগে গ্রুপ পর্বে নামিবিয়ার বিপক্ষে ৫৮ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেছিলেন। টি–টুয়েন্টি বিশ্বকাপের এক আসরে কোনো ব্যাটসম্যানের দুই সেঞ্চুরি এই প্রথম। অন্য কেউ এক আসরে একটির বেশি করতে পারেননি। টি–টুয়েন্টি বিশ্বকাপে মোট দুটি সেঞ্চুরিই আছে ফারহান ছাড়া আর একজনের- ক্রিস গেইল।

গ্রুপ পর্বে নামিবিয়ার বিপক্ষে অপরাজিত শতকও করেছিলেন ফারহান। ফলে এবারের আসরে এটি তার চতুর্থ পঞ্চাশোর্ধ ইনিংস। এর মাধ্যমে এক আসরে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ ইনিংস করা ব্যাটারদের বিশেষ তালিকাতেও জায়গা করে নিয়েছেন তিনি।

সেই তালিকায় আছেন অস্ট্রেলিয়ার ম্যাথিউ হেইডেন, ভারতের বিরাট কোহলি এবং পাকিস্তানের বাবর আজম। কোহলি, বাবর ও হেইডেন- তিনজনই এক আসরে চারটি করে পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছিলেন। এর মধ্যে কোহলি এই কীর্তি গড়েছিলেন দুইবার।