images

স্পোর্টস / ক্রিকেট

সাকিবের ব্যাপারে সবশেষ যা জানালেন ফারুক

স্পোর্টস ডেস্ক

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৪ পিএম

মাঠের পারফরম্যান্স নয়, গত এক বছরে সাকিব আল হাসান আলোচনায় বেশি ছিলেন মাঠের বাইরের কারণেই। জাতীয় দলের হয়ে শেষবার খেলেছেন ২০২৪ সালে। এরপর আইনি জটিলতায় দেশের জার্সিতে আর দেখা যায়নি তাকে, এমনকি দেশে ফেরাও হয়ে ওঠেনি। দুবাই পর্যন্ত এসেও শেষ মুহূর্তে ফিরতে হয়েছিল এই অভিজ্ঞ অলরাউন্ডারকে।

তবে সম্প্রতি আবারও তার ফেরা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। পাকিস্তান সিরিজকে সামনে রেখে জাতীয় দলে তার অন্তর্ভুক্তির সম্ভাবনার কথা শোনা গেলেও বিষয়টি এখনো নিশ্চিত নয়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এ বিষয়ে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি ফারুক আহমেদ। ‘সাকিবের ব্যাপারে ক্রিকেট বোর্ড থেকে যা যা করার দরকার, মামলার কাগজপত্রগুলো জায়গা মতো দেওয়া হয়েছে। এখন সরকার সিদ্ধান্ত নেবে এবং অবশ্যই আমরা আমাদের ক্রিকেট বোর্ড থেকে যে কাজটা করার ছিল, সেটা করে ফেলেছি।’

ফারুক আহমেদের ভাষ্য অনুযায়ী, মামলার সংশ্লিষ্ট কাগজপত্র যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। এখন সিদ্ধান্ত সরকারের ওপর নির্ভর করছে। বোর্ড তাদের দায়িত্ব শেষ করেছে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় তিনি ক্রিকেট সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘আমি মনে করি যে, আমরা ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছি, ক্রিকেট বোর্ড খেলোয়াড় সাংবাদিক যারাই আছেন। ক্রিকেট সংক্রান্ত সবার সঙ্গে একটা সুষম সম্পর্ক থাকা খুবই জরুরি। কেননা আমাদের সবার লক্ষ্য কিন্তু একটাই।’

এসটি