images

স্পোর্টস / ক্রিকেট

পদত্যাগ করবেন কী বিসিবি সভাপতি? যা বলছেন ফারুক

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৭ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এখন চলছে নানা আলোচনা-সমালোচনার ঝড়। সরকার বদলের পর থেকেই বোর্ডের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন ছড়িয়েছে চারদিকে। বিশেষ করে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পদ নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

কয়েক মাস ধরে বাংলাদেশের ক্রিকেট অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। বিসিবির সাম্প্রতিক নির্বাচন নিয়ে বিতর্ক, বিদ্রোহী ক্লাবগুলোকে বাদ দিয়ে লিগ আয়োজন, টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত। এসব ঘটনা বোর্ডের ওপর চাপ বাড়িয়েছে। এর মাঝে পরিচালক ইশতিয়াক সাদিকের পদত্যাগ এবং আরেক পরিচালকের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

এমন পরিস্থিতিতে শোনা যাচ্ছে, পরিস্থিতি জটিল হলে বুলবুল নিজেই সভাপতির পদ ছেড়ে দিতে পারেন। তবে বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেননি। তার ভাষ্য, ঈদের পর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে বুলবুলের।

কিছুদিন আগে গুঞ্জন ওঠে, পদ হারানোর শঙ্কায় রিটার্ন টিকিট ছাড়াই দেশ ছেড়েছেন বুলবুল। যদিও এমন দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। সংবাদমাধ্যমে খবর প্রকাশের পরও তাকে বিসিবির দায়িত্ব পালন করতে দেখা গেছে। পরে পরিবারের সঙ্গে সময় কাটাতে অস্ট্রেলিয়া যান তিনি। জানা গেছে, রমজান মাস পরিবারের সঙ্গেই কাটিয়ে ঈদের পর দেশে ফিরবেন।

বিসিবি সভাপতির অবস্থান নিয়ে ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, “এই (আমিনুল ইসলাম বুলবুল পদত্যাগ করতে চান) প্রশ্নের ব্যাপারে আমি কিছু জানি না। তবে আমি যদ্দুর জানি উনার সাথে কথা হয়েছে, উনি ঈদের পরে আসবেন বলেছেন।”

এদিকে সাম্প্রতিক সময়ে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে বিসিবির সম্পর্কেও দূরত্ব তৈরি হয়েছে। স্টেডিয়ামে প্রবেশে কিছু বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত পরে প্রত্যাহার করতে হয়। ফারুক মনে করেন,“আমি মনে করি আমরা ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছি ক্রিকেট বোর্ড, খেলোয়াড়, সাংবাদিক, যারা ক্রিকেট সংক্রান্ত সবার সাথে একটা সম্পর্ক থাকা খুবই জরুরি। কেননা আমাদের সবার লক্ষ্য কিন্তু একটাই। একটা লক্ষ্যে আমরা সবাই এগিয়ে যাচ্ছি, বাংলাদেশের ক্রিকেটের উন্নতি এবং বাংলাদেশের ক্রিকেট। এজন্য আমার মনে হয় আরেকটু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হলে ভালো হয়।”

এসটি