স্পোর্টস ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম
রাত নামলেই টিভির পর্দায় পৃথিবীর কোটি কোটি ফুটবল প্রেমীদের চোখ আটকে থাকে প্রিমিয়ার লিগে। তবে এবার মাঠের লড়াইয়ের বাইরেও শুরু হচ্ছে আরেক দৌড়, ডিজিটাল দুনিয়ায় সরাসরি দর্শকের হৃদয় জয়ের লড়াই। আগামী মৌসুম থেকে ‘প্রিমিয়ার লিগ প্লাস’ নামে নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে লিগ কর্তৃপক্ষ। প্রথম ধাপে সিঙ্গাপুরে যাত্রা শুরু হলেও, সফল হলে এটি ছড়িয়ে পড়তে পারে বিশ্বজুড়ে। অর্থাৎ এতদিন সম্প্রচার সংস্থার মাধ্যমে যে খেলা ঘরে পৌঁছাত, এখন তা পৌঁছাবে সরাসরি লিগের নিজস্ব পর্দা থেকে।
প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্স বৃহস্পতিবার লন্ডনে আয়োজিত ফিন্যান্সিয়াল টাইমস বিজনেস অব ফুটবল সামিটে এই ঘোষণা দেন। তিনি জানান, এটি দীর্ঘ পরিকল্পনার ফল এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে নেওয়া সিদ্ধান্ত।
মাস্টার্স বলেন, “প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ সরাসরি নিজেদের গ্রাহকদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। প্রচার, মূল্য নির্ধারণ, সাবস্ক্রিপশন ধরে রাখা, বিতরণ সবকিছুই আমাদের নিজস্বভাবে পরিচালনা করতে হবে। আমরা শুধু একটি প্ল্যাটফর্ম চালু করছি না, বরং একটি পূর্ণাঙ্গ ব্যবসা গড়ে তুলছি।”
বর্তমানে প্রিমিয়ার লিগের খেলা বিশ্বের ১৮৯টি দেশে সম্প্রচারিত হয় এবং তাদের দাবি অনুযায়ী, বৈশ্বিক দর্শকসংখ্যা প্রায় ১.৮৭ বিলিয়ন। এতদিন যুক্তরাজ্যে স্কাই স্পোর্টস এবং যুক্তরাষ্ট্রে এনবিসির মতো সম্প্রচারকারীদের কাছে স্বত্ব বিক্রি করেই তারা আয় করেছে।
তবে ডিজিটাল যুগে দর্শকদের অভ্যাস বদলে যাচ্ছে। নেটফ্লিক্সের মতো অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি কনটেন্ট দেখার প্রবণতা বাড়ছে। সেই ধারায় অনেকদিন ধরেই “প্রেমফ্লিক্স” নামে সম্ভাব্য একটি প্ল্যাটফর্ম চালুর গুঞ্জন ছিল। অবশেষে সেই পরিকল্পনাই বাস্তব রূপ পাচ্ছে।
প্রথম ধাপে সিঙ্গাপুরে চালু হবে ‘প্রিমিয়ার লিগ প্লাস’। এই বাজারকে পরীক্ষামূলক ক্ষেত্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। এখানকার অভিজ্ঞতা থেকে শেখার পরই বিশ্বব্যাপী সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হবে। মাস্টার্সের ভাষায়, “আমরা শিখতে চাই। যদি সিঙ্গাপুরে সফল হয়, তবে এটি বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া হতে পারে। তবে এখনই ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত পূর্বাভাস দিতে চাই না।”
স্ট্রিমিং সেবার পাশাপাশি লন্ডনে নতুন “‘প্রিমিয়ার লিগ স্টুডিও” প্রোডাকশন হাবও চালু করা হচ্ছে। এর মাধ্যমে নিজস্ব কনটেন্ট তৈরির সক্ষমতা বাড়বে এবং সম্প্রচার মান আরও উন্নত হবে।
এই উদ্যোগ সফল হলে ফুটবল দেখার ধরণে বড় পরিবর্তন আসতে পারে। সরাসরি লিগের প্ল্যাটফর্মে সাবস্ক্রাইব করে ভক্তরা ম্যাচ, বিশ্লেষণ ও বিশেষ কনটেন্ট উপভোগ করতে পারবেন। বিশ্ব ফুটবলের বাণিজ্যিক মানচিত্রে এটি হতে পারে এক নতুন অধ্যায়, যেখানে প্রিমিয়ার লিগ আর শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং নিজস্ব বৈশ্বিক ডিজিটাল ব্র্যান্ড।
এসটি