images

স্পোর্টস / ফুটবল

চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর আগে বড় ধাক্কা বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪২ পিএম

স্পেনের ক্লাব বার্সেলোনার মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং অনুশীলনের সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। এই চোটের কারণে তাকে প্রায় পাঁচ থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। ফলে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো পর্বের ম্যাচগুলোতে তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

এটি বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকের জন্য নতুন করে দুশ্চিন্তার কারণ। এর আগে ইনজুরি কাটিয়ে সম্প্রতি দলে ফিরেছেন পেদ্রি, যিনি গত রোববার লেভান্তের বিপক্ষে ৩–০ গোলের জয়ে খেলেছেন। ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, বৃহস্পতিবারের অনুশীলন সেশনে এই চোট পান নেদারল্যান্ডসের এই আন্তর্জাতিক ফুটবলার। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৬৪ ম্যাচে খেলেছেন তিনি, করেছেন দুটি গোল।

শুক্রবার দুপুরে অনুষ্ঠিতব্য ড্রয়ের মাধ্যমে নির্ধারণ হবে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে কাতালান ক্লাবটির প্রতিপক্ষ প্যারিস সেন্ট জার্মেই নাকি নিউক্যাসল ইউনাইটেড। চলতি মৌসুমে ফ্লিকের দলে সবচেয়ে বেশি ব্যবহৃত মিডফিল্ডার ডি ইয়ং। পেদ্রি, ফেরমিন লোপেজ এবং দানি অলমোর চেয়েও বেশি ম্যাচে তাকে খেলিয়েছেন জার্মান এই কোচ।

ডি ইয়ংয়ের অনুপস্থিতিতে শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নতুন করে পরিকল্পনা সাজাতে হবে ফ্লিককে। লা লিগার পয়েন্ট তালিকায় বর্তমানে তৃতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালের ঠিক এক পয়েন্ট পেছনে রয়েছে রিয়াল মাদ্রিদ।

ডি ইয়ংয়ের জায়গায় শুরুর একাদশে সুযোগ পেতে পারেন মার্ক বার্নাল, মার্ক কাসাদো বা দানি অলমো। পাশাপাশি এরিক গার্সিয়াও বিকল্প হিসেবে আছেন। গত মৌসুম থেকে দলের রক্ষণভাগের বিভিন্ন পজিশনে খেলতে দেখা গেছে এই ডিফেন্ডারকে।