images

স্পোর্টস / ক্রিকেট

অভিষেক ফর্মে ফিরতেই পাকিস্তানি ক্রিকেটারকে ধুয়ে দিলেন অশ্বিন

স্পোর্টস ডেস্ক

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৮ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়ে কঠিন সমালোচনার মুখে পড়েছিলেন অভিষেক শর্মা। গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে রানের খাতা খোলার আগেই ফিরতে হওয়ায় তাকে ‘স্লগার’ বলে মন্তব্য করেছিলেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। তবে সেই তকমা মানতে নারাজ ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

নিজের ইউটিউব শো ‘অ্যাশ কী বাত’-এ অশ্বিন স্পষ্ট ভাষায় বলেন, অভিষেককে কেবল ‘স্লগার’ আখ্যা দেওয়া ভুল। তার মতে, আধুনিক ক্রিকেটে অভিষেকের ব্যাট সুইং অন্যতম আকর্ষণীয়। অশ্বিন মনে করেন, অভিষেকের মেন্টর যুবরাজ সিং-এর সঙ্গে তুলনা করলে অনেক ক্ষেত্রেই শিষ্য এগিয়ে থাকতে পারেন।

অশ্বিনের ভাষায়, “তার ব্যাট সুইং এতটাই নিখুঁত যে বল ব্যাটে লাগলেই অনেক দূরে চলে যায়। মানুষ তার আগ্রাসী মানসিকতার কারণে তাকে ভুলভাবে স্লগার ভাবতে পারে। আসলে তার সমস্যা একটাই, প্রায় প্রতিটি বলেই আক্রমণ করতে চায়।”

সমালোচনার জবাব অবশ্য ব্যাট হাতেই দিয়েছেন অভিষেক। সুপার এইট পর্বে জিম্বাবুয়ের বিপক্ষে ৩০ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলে ফর্মে ফেরেন এই ওপেনার। ইনিংসটিতে ছিল নিয়ন্ত্রিত আগ্রাসন ও পরিস্থিতি বুঝে খেলার ছাপ, যা সমালোচকদের অনেকটাই চুপ করিয়েছে।

ভারতের বিশ্বকাপজয়ী কিংবদন্তি সুনিল গাভাস্কার-ও অভিষেকের ইনিংসের প্রশংসা করেছেন। তিনি বলেন, এই ম্যাচে অভিষেক কেবল আক্রমণেই ভরসা করেননি; প্রয়োজনমতো রক্ষণাত্মক শট খেলেছেন, অফ স্পিনারদের সম্মান দেখিয়েছেন এবং ধৈর্য ধরে ইনিংস গড়েছেন। গাভাস্কারের মতে, ইনিংসের শুরুতে সময় নেওয়াটাই তার সাফল্যের চাবিকাঠি ছিল।

এসটি