স্পোর্টস ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০২ পিএম
ভারতের ক্রিকেটার রিঙ্কু সিংয়ের বাবা খানচাদ সিং শুক্রবার চতুর্থ স্তরের ক্যানসারে মারা গেছেন। গ্রেটার নয়ডার যথার্থ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। চলতি সপ্তাহের শুরুতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।
রিঙ্কু বর্তমানে টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দলের সঙ্গে আছেন। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে বাবাকে দেখতে দেশে ফিরেছিলেন তিনি। তবে অবস্থার উন্নতি হয়নি। একপর্যায়ে খানচাদ সিংকে ভেন্টিলেটর সাপোর্টে নিতে হয়। ম্যাচের আগে সময়মতো দলে ফিরলেও একাদশে জায়গা পাননি রিঙ্কু। তাঁর পরিবর্তে খেলেন সঞ্জু স্যামসন। তবে বদলি ফিল্ডার হিসেবে ম্যাচে অংশ নেন রিঙ্কু।
রিঙ্কুর ক্রিকেটার হয়ে ওঠার পেছনে তাঁর বাবার বড় ভূমিকা ছিল। আলিগড়ে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডার সরবরাহের কাজ করতেন খানচাদ সিং। আর্থিক সীমাবদ্ধতা থাকলেও ছেলের ক্রিকেট ক্যারিয়ার গড়তে প্রয়োজনীয় সুযোগ করে দিতে সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি।
ভারতের সাবেক স্পিনার হারভাজন সিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শোক প্রকাশ করেছেন। তিনি লেখেন, “রিঙ্কু সিংয়ের বাবা শ্রদ্ধেয় খানচাদ সিংজির মৃত্যু সংবাদে গভীরভাবে মর্মাহত। টি–টোয়েন্টি বিশ্বকাপ চলাকালেই রিঙ্কু ও তাঁর পরিবারের জন্য এটি নিঃসন্দেহে কঠিন সময়। তাঁদের প্রতি আমার আন্তরিক সমবেদনা ও প্রার্থনা রইল। সৃষ্টিকর্তা যেন বিদেহী আত্মাকে শান্তি দেন এবং শোকাহত পরিবারকে শক্তি ও সাহস দেন।”
টি–টোয়েন্টি বিশ্বকাপে রিঙ্কুর পারফরম্যান্স হতাশাজনক। পাঁচ ইনিংসে তিনি করেছেন মাত্র ২৪ রান। টুর্নামেন্টের আগে ভালো ছন্দে থাকলেও বড় ইনিংস খেলার সুযোগ পাননি। বড় স্কোরের অভাবেই একাদশে জায়গা হারাতে হয়েছে তাঁকে।
ভারত এখন সুপার এইট পর্বের শেষ ম্যাচ খেলতে কলকাতায় যাবে। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি কার্যত কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্ব বহন করছে। জিম্বাবুয়েকে হারিয়েছে ভারত, আর দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে উঠবে।