images

স্পোর্টস / ক্রিকেট

‘বড় সংস্কার না হলে আমরা অপ্রাসঙ্গিক হয়ে পড়বো’

স্পোর্টস ডেস্ক

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০২ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ স্বাগতিক সুবিধা থাকা সত্ত্বেও সুপার এইট পর্ব থেকেই বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। ইংল্যান্ডের কাছে হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে পরাজয়ে সেমিফাইনালের স্বপ্ন পুরোপুরি শেষ হয়ে গেছে লঙ্কানদের। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের দেওয়া ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লঙ্কানরা মাত্র ১০৭ রানে গুটিয়ে যায়, যা ৬১ রানের বিশাল হার।

এই হতাশাজনক পারফরম্যান্সের পর শ্রীলঙ্কান ক্রিকেটের কিংবদন্তি কুমার সাঙ্গাকারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ তার ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, 'চারিদিকে অনেক হাহাকার। ভক্তরা বিধ্বস্ত, হতাশ ও ক্ষুব্ধ। খেলোয়াড়রাও ভীষণ কষ্ট পাচ্ছে। আমি এই ধরনের ড্রেসিংরুমে আগেও থেকেছি। এটা মোটেও সহজ নয়।'

সাঙ্গাকারা জাতীয় দলের প্রতিনিধিত্বের দায়িত্বকে একদিকে বোঝা, অন্যদিকে বিশাল সম্মানের বিষয় বলে উল্লেখ করেছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন যে, 'এই দায়িত্বটি মাঠের লড়াইয়েরই অংশ। নিজের দেশ এবং দেশের মানুষের প্রতিনিধিত্ব করা একই সঙ্গে যেমন একটি বোঝা, তেমনি বিশাল এক সম্মানের বিষয়।'

সবচেয়ে কড়া বার্তা দিয়েছেন লঙ্কান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে। তার মতে,'সব স্তরেই সঠিক পথে ফেরার জন্য অনেক কাজ করার বাকি আছে। আমাদের চারপাশের ক্রিকেট বিশ্ব যখন এতো দ্রুত বিবর্তিত হচ্ছে, তখন আমরা বারবার একই কাজ করে ভিন্ন ফলাফল আশা করতে পারি না। আমরা মানিয়ে নিতে পারিনি এবং বর্তমান পরিস্থিতিতে আমাদের অপ্রাসঙ্গিক হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।'

এই পরাজয় শুধু একটি ম্যাচের ফল নয়, বরং দলের কাঠামোগত দুর্বলতা ও আধুনিক কৌশলের সঙ্গে তাল মেলাতে না পারার প্রতিফলন। সহ-আয়োজক হয়েও নিজেদের মাঠে এমন ফলাফল লঙ্কান ক্রিকেটের জন্য বড় ধাক্কা। সাঙ্গাকারার এই সতর্কবার্তা ক্রিকেট বোর্ড, নির্বাচক ও ম্যানেজমেন্টের জন্য একটি জোরালো আহ্বান। দ্রুত পরিবর্তন না আনলে ভবিষ্যৎ আরও কঠিন হয়ে উঠবে।

এসটি