images

স্পোর্টস / ফুটবল

‘রিয়ালের এই জয় বর্ণবাদের বিরুদ্ধে’

স্পোর্টস ডেস্ক

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৮ এএম

চ্যাম্পিয়নস লিগে বেনফিকাকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় ওঠার পর রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি বলেছেন, এই জয় শুধু দলের নয়, বর্ণবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া সবার।

গত সপ্তাহে প্লে–অফের প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল রিয়াল। সেই ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রকে উদ্দেশ করে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ ওঠে বেনফিকার জিয়ানলুকা প্রেস্টিয়ান্নির বিরুদ্ধে। যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন।

ম্যাচ শেষে সাংবাদিকদের চুয়ামেনি বলেন, “এটা নিশ্চিতভাবে আমাদের মৌসুমের সেরা ম্যাচ ছিল না। তবে এই ম্যাচের চেয়েও গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, এমনকি ফুটবলের চেয়েও গুরুত্বপূর্ণ।” সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগে রিয়ালের জয়সূচক গোল করেন ভিনিসিয়ুস। চুয়ামেনির ভাষ্য, “এই ফল বর্ণবাদের বিরুদ্ধে থাকা সবার জন্য এক ধরনের জয়।”

ঘটনাটি তদন্তাধীন থাকায় ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা (ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন) প্রেস্টিয়ান্নিকে সাময়িক নিষিদ্ধ করেছিল। বুধবার তার নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা আপিলও খারিজ হয়। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিনিসিয়ুস লেখেন, “নাচ চলবে।” সঙ্গে বার্নাব্যুতে টাঙানো ‘বর্ণবাদকে না’ লেখা বড় ব্যানারের একটি ছবি প্রকাশ করেন তিনি।

এদিকে ম্যাচ শুরুর আগে নাৎসি সালাম দেওয়ার অভিযোগে নিজেদের এক সমর্থককে স্টেডিয়াম থেকে বের করে দেওয়ার কথা জানিয়েছে রিয়াল মাদ্রিদ। ক্লাবের এক বিবৃতিতে বলা হয়, টেলিভিশন সম্প্রচারে বিষয়টি ধরা পড়ার পরপরই নিরাপত্তাকর্মীরা ওই সদস্যকে শনাক্ত করে স্টেডিয়াম থেকে বহিষ্কার করেন। বিবৃতিতে রিয়াল জানায়, খেলাধুলা ও সমাজে সহিংসতা এবং ঘৃণা উসকে দেয়- এমন যেকোনো আচরণ ও প্রকাশকে তারা কঠোরভাবে নিন্দা জানায়।

রিয়ালের কোচ আলভারো আরবেলোয়া বলেন, ভিনিসিয়ুসের গোল তাকে আনন্দিত করেছে। “স্বাভাবিকভাবেই আমি খুশি। সে দারুণ গোল করেছে এবং গোলটা তারই প্রাপ্য ছিল,” বলেন তিনি। “এমবাপ্পে না থাকায় এই গোল আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তার জন্য আমি খুবই আনন্দিত।”

ম্যাচের আগে আরবেলোয়া জানিয়েছিলেন, হাঁটুর সমস্যার কারণে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে। ম্যাচ শেষে তিনি বলেন, “গতকালের অনুশীলনের পর চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, তার সঙ্গেও আলোচনা হয়েছে। আমরা মনে করেছি, পুরোপুরি সুস্থ হয়ে আত্মবিশ্বাস নিয়ে ফেরার জন্য এখন বিশ্রামই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। সামনে গুরুত্বপূর্ণ সময় আসছে।”

চোট না অস্বস্তি- এ প্রশ্নের জবাবে আরবেলোয়া বলেন, “এটাকে চোটই বলা যায়। তবে আশা করছি এটি গুরুতর কিছু নয়। কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যেই সে ফিরতে পারবে।”