images

স্পোর্টস / ক্রিকেট

পাকিস্তান হারায় শাহিনও বাবর আজমকেই দুষছেন

স্পোর্টস ডেস্ক

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১০ পিএম

আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে বিদায়ের শঙ্কায় পাকিস্তান। মঙ্গলবার পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে সুপার এইট পর্বের ম্যাচে ইংল্যান্ডের কাছে দুই উইকেটে হারের পর তাদের অবস্থান এখন সংকটপূর্ণ। এই হতাশাজনক হারের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাবেক অধিনায়ক বাবর আজমের পারফরম্যান্স নিয়ে খোলামেলা মন্তব্য করেন পেসার শাহিন শাহ আফ্রিদি।

ইংল্যান্ডের বিপক্ষে চার নম্বরে ব্যাট করতে নেমে ২৪ বলে ২৫ রান করেন বাবর, ছিল দুটি চার। জেমি ওভারটনের বলে বোল্ড হওয়ার আগে তৃতীয় উইকেটে সাহিবজাদা ফারহানের সঙ্গে ৪৬ রানের জুটি গড়েন তিনি। তবে সেই অবদানকে খুব বেশি গুরুত্ব দিতে রাজি নন শাহিন।

বাবরের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে শাহিন বলেন, “দেখুন, পার্টনারশিপ মানে শুধু ক্রিজে থাকা নয়। টি–টোয়েন্টিতে প্রতি ওভারে আট-নয় রান তুলতে হয়, সিঙ্গেল-ডাবল নিতে হয়, বল মারতে হয়। তবেই একটা কার্যকর জুটি হয়। মাঝের ওভারগুলোতে আদিল (রশিদ) খুব ভালো বল করেছে। কৃতিত্বটা তারও প্রাপ্য।”

নামিবিয়ার বিপক্ষে ম্যাচে একাদশের বাইরে থাকা শাহিন ইংল্যান্ডের বিপক্ষে দলে ফিরে বোলিংয়ে ছিলেন সেরা। ৩৩ রানে ৪ উইকেট নিয়ে তিনি টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে (টি২০আই) পাকিস্তানের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার হয়েছেন। হারিস রউফকে পেছনে ফেলেছেন তিনি। ১০২ ম্যাচে শাহিনের উইকেট এখন ১৩৫টি, গড় ২১.১৫। অন্যদিকে রউফের ৯৪ ম্যাচে ১৩৩ উইকেট, গড় ২১.১০।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে শাহিন বলেন, “হ্যাঁ, আপনি বললেন আমাকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু আমার লক্ষ্য ছিল নিজের বোলিং নিয়ে কাজ করা- কীভাবে ফিরে আসব, কীভাবে নিজের ছন্দ ধরে রাখব, যাতে ম্যাচে ভালো ফল দিতে পারি।” তিনি আরও বলেন, “আমি যখনই খেলি, আমার কাজ শুরুতেই উইকেট নেওয়া। এ কারণেই প্রথম ওভার করি। সুযোগ পেলেই পাকিস্তানের জন্য উইকেট নেওয়ার চেষ্টা করি। আজও পরিকল্পনা ছিল কীভাবে উইকেট নেওয়া যায়।”

ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুকের প্রশংসাও করেন শাহিন। পাকিস্তানের বিপক্ষে ৫০ বলে নিজের প্রথম টি২০আই শতক করেন ব্রুক। তাকে আউট করার পর করমর্দন প্রসঙ্গে শাহিন বলেন, “সে এই ইনিংসের যোগ্য ছিল। এটি ছিল বিশ্বমানের ইনিংস। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আমরা একসঙ্গে লাহোর কালান্দার্সে খেলেছি। আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব আছে।”