স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৭ পিএম
পাকিস্তানের সুপার এইট পর্বের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বুধবার ব্যাট হাতে আরেকটি হতাশাজনক ইনিংস খেলেন বাবর আজম। চার নম্বরে নেমে ২৪ বলে মাত্র ২৫ রান করেন তিনি, মারেন দুটি চার। এই ইনিংসের পর টি–টোয়েন্টি বিশ্বকাপে (আইসিসি টি২০ বিশ্বকাপ) তার ক্যারিয়ারের স্ট্রাইক রেট নেমে এসেছে ১১১.৫–এ, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বনিম্ন।
এমন পারফরম্যান্সের পরও পাকিস্তানের একাদশে বাবরের নিয়মিত থাকা নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে মন্তব্য করেছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন যেভাবে পরিস্থিতি সামলাচ্ছেন, তার প্রশংসা করেছেন তিনি। ক্রিকবাজে ভন বলেন, “বিদেশি কোচরা যখন পাকিস্তানে কাজ করতে যান, তাদের আমি সম্মান করি। ওখানে ভেতরে কী পরিস্থিতি থাকে, তা কল্পনা করাই কঠিন।”
বাবরকে দলে রাখা প্রসঙ্গে ভনের মন্তব্য, “আমার মনে হয় মাইক হেসন দারুণভাবে বিষয়টি সামলেছেন। স্পষ্টতই তাকে বাবর আজমকে খেলাতেই হচ্ছে। তিনি বাবরকে ‘ইনস্যুরেন্স পলিসি’ হিসেবে ব্যবহার করছেন। ধরুন, শুরুতে দুই উইকেট পড়ে গেল- তখন বাবরই ভরসা। সে চার নম্বরে নেমে ইনিংস সামলাতে পারে।”
ভনের মতে, শ্রীলঙ্কার উইকেটে বাবর কার্যকর হতে পারেন। “শ্রীলঙ্কায় এখন পর্যন্ত ১৫০ থেকে ১৮০ রানের ম্যাচ হচ্ছে। এই রেঞ্জে বাবর স্বাচ্ছন্দ্য বোধ করে। সে পাকিস্তানকে ১৬০-১৭০ পর্যন্ত নিয়ে যেতে পারবে,” বলেন তিনি। তবে ২০০ বা ২১০ রানের ম্যাচে বাবরকে ততটা কার্যকর মনে করেন না ভন। “২০০ বা ২১০ রানের দিনে বাবর আপনাকে সেখানে নিয়ে যেতে পারবে না। এখন আর সে সে ধরনের খেলোয়াড় নয় বলে আমার মনে হয়।”
দলের সমন্বয় নিয়ে বিশ্লেষণে ভন বলেন, “হেসন হয়তো রাজনীতিটা ভালোভাবেই সামলেছেন। এতে হয়তো বিশ্বকাপ জয়ের সম্ভাবনা শতভাগ বাড়ে না। কিন্তু পাল্লেকেলের মতো উইকেটে আমি দলে একজন বাবর আজমকে চাইবই। কারণ আমি মাঝের ওভারে এমন একজন স্থির ব্যাটার চাই, যে স্পিনারদের বিপক্ষে রান ঘোরাতে পারে। সে যদি ১২৫-১৩০ স্ট্রাইক রেটে খেলে, তাতেও সমস্যা নেই। পাশে অন্য দু-একজনকে দ্রুত রান তুলতে হবে। আমার মনে হয় তারা বিষয়টি ঠিকভাবেই সামলেছে।”
বিদেশি কোচ হিসেবে পাকিস্তানে কাজ করার প্রসঙ্গে ভন বলেন, “আমি ব্যক্তিগতভাবে কখনোই পাকিস্তানে বিদেশি কোচ হতে চাইতাম না। জেসন গিলেসপির সঙ্গে এ নিয়ে অনেক কথা হয়েছে। কাজটা কঠিন। তবে হেসন ও টিম ম্যানেজমেন্ট যেভাবে বিষয়টি সামলেছে, তা একেবারে নিখুঁত।”
বর্তমানে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাবরের সামগ্রিক স্ট্রাইক রেট ১১১.৫, যা মোহাম্মদ হাফিজ (১১১.৮), কুমার সাঙ্গাকারা (১১২.২) ও কেন উইলিয়ামসনের (১১২.৫) চেয়েও কম। ২৩ ম্যাচে তিনি করেছেন ৬৪০ রান, গড় ৩৩.৬৮; রয়েছে পাঁচটি অর্ধশতক। চলমান আসরে ছয় ম্যাচে বাবরের সংগ্রহ ৯১ রান, গড় ২২.৭৫। তার ব্যাট থেকে এখনো আসেনি বড় কোনো ইনিংস।