images

স্পোর্টস / ক্রিকেট

অসুস্থ পিতার পাশে থাকতে বিশ্বকাপের মাঝেই দল ছাড়লেন ভারতীয় তারকা

স্পোর্টস ডেস্ক

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫ পিএম

আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন সময় পারছে ভারত। সুপার এইটে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরে সেমিফাইনালে খেলার স্বপ্ন ধাক্কা খেয়েছে। বাকি দুই মক্স্যাচে জয় ছাড়া যখন কোনো বিকল্প নেই তখনই দল ছাড়তে হল তারকা ক্রিকেটারের। ছেড়ে হঠাৎ করে দেশে ফিরে গেছেন ভারতের ক্রিকেটার রিংকু সিং। পারিবারিক সূত্রে জানা গেছে, তার বাবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি দ্রুত দেশে ফিরেছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, রিংকুর বাবা চতুর্থ ধাপের লিভার ক্যানসারে আক্রান্ত এবং বর্তমানে ভেন্টিলেটর সাপোর্টে আছেন। এমন সংকটময় সময়ে পরিবারের পাশে থাকতে দল ছেড়ে দেশে ফেরেন এই ব্যাটার। বিশ্বকাপের জন্য ঘোষিত ভারত জাতীয় দলের স্কোয়াডে তিনি আছেন, তবে আবার দলের সঙ্গে যোগ দেবেন কি না সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য নেই। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে দলীয় ব্যবস্থাপনা।

সাম্প্রতিক বছরগুলোতে সীমিত ওভারের ক্রিকেটে ভারতের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন এই বাঁহাতি ব্যাটার। বিশেষ করে চাপে ম্যাচ শেষ করার দক্ষতার জন্য তিনি আলাদা গুরুত্ব পেয়েছেন। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে তার দীর্ঘ অনুপস্থিতি দলের কম্বিনেশনে প্রভাব ফেলতে পারে। এই মুহূর্তে অবশ্য সবার নজর তার পারিবারিক পরিস্থিতির দিকেই। কঠিন সময়ে ক্রিকেটাঙ্গনের সমর্থন তার পাশে থাকবে বলেই ধারণা করা হচ্ছে। দলীয় ব্যবস্থাপনার পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

মঙ্গলবারের অনুশীলনে হার্দিক পান্ডিয়া, ঈশান কিষান, আর্শদীপ সিং, তিলক ভার্মা, অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনসহ বেশ কয়েকজন ক্রিকেটারকে দেখা গেলেও রিংকুকে মাঠে দেখা যায়নি।

এবারের বিশ্বকাপে ব্যাট হাতে রিংকুর পারফরম্যান্স ছিল মিশ্র। বেশিরভাগ সময়ই তাকে খুব অল্প বল হাতে নিয়ে ক্রিজে নামতে হয়েছে। পাঁচ ইনিংসে তার মোট সংগ্রহ ২৪ রান; দুবার অপরাজিত থেকেছেন। সর্বোচ্চ ইনিংস ১১ অপরাজিত। চলতি বছরে ১০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে (টি২০আই) আট ইনিংসে তিনি করেছেন ১১৫ রান। গড় ২৮.৭৫, স্ট্রাইক রেট ১৩২.১৮; সর্বোচ্চ ৪৪ অপরাজিত।

বৃহস্পতিবার চেন্নাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে ভারত। সুপার এইট পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে বড় ব্যবধানে হারের পর শিরোপা ধরে রাখার লড়াইয়ে টিকে থাকতে হলে বাকি ম্যাচগুলো জিততেই হবে ‘মেন ইন ব্লু’দের। পাশাপাশি আশা করতে হবে, সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকা যেন অপরাজিত থাকে।