images

স্পোর্টস / ফুটবল

ইন্টার মিলানকে বিদায় করে ইতিহাস নরওয়ের অখ্যাত ক্লাবের

স্পোর্টস ডেস্ক

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৯ এএম

নরওয়ের চ্যাম্পিয়ন বোদো/গ্লিম্ট চ্যাম্পিয়নস লিগে বড় ধরনের অঘটন ঘটিয়েছে। মঙ্গলবার সান সিরোতে ইন্টার মিলানকে ২–১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৫–২ ব্যবধানে জিতে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে তারা।

নরওয়েতে প্রথম লেগে ৩–১ ব্যবধানে এগিয়ে ছিল বোদো/গ্লিম্ট। ফিরতি লেগে ইতালিয়ান দলটি শুরুতে চাপ সামলে বিরতির পর কার্যকর আঘাত হানে সফরকারীরা। ৫৮ মিনিটে ইয়েন্স পেটার হাউগে গোল করে দলকে এগিয়ে নেন। ইয়ান সোমার ওলে দিদরিক ব্লমবার্গের শট ঠেকালেও ফিরতি বলে দ্রুততম প্রতিক্রিয়া দেখিয়ে জাল খুঁজে নেন হাউগে।

৭২ মিনিটে হাকন এভিয়েন দূরের কোণে নিখুঁত শটে ব্যবধান বাড়িয়ে কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন। এতে স্তব্ধ হয়ে যায় স্বাগতিক সমর্থকেরা। এর পাঁচ মিনিট পর আলেসান্দ্রো বাস্তোনি একটি গোল শোধ করলেও তা কেবল ব্যবধান কমানোতেই সীমিত থাকে। গত মৌসুমের ফাইনালিস্ট ইন্টার শেষ পর্যন্ত বিদায় নেয়।

ম্যাচের শুরুতে দাপট দেখায় ইন্টার। মার্কুস থুরাম ও পিও এসপোসিতো গোলের সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেননি। একটি পেনাল্টির আবেদনও নাকচ হয়, যা মিলানে স্বাগতিকদের হতাশা আরও বাড়ায়। আর্কটিক সার্কেল অঞ্চল থেকে আসা বোদো/গ্লিম্টের জন্য এটি ঐতিহাসিক সাফল্য। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে প্রথমবারের মতো কোনো নরওয়েজিয়ান ক্লাব টাই জিতে পরের রাউন্ডে উঠল।

ইন্টার মিডফিল্ডার নিকোলো বারেলা স্বীকার করেছেন, দুই লেগ মিলিয়ে তারা প্রতিপক্ষের চেয়ে পিছিয়ে ছিল। তিনি বলেন, “ব্যক্তিগত ভুল থেকে আমরা একটি গোল হজম করেছি- ফুটবলে এমনটা হয়। কিন্তু সবচেয়ে কঠিন ছিল ম্যাচের জট খোলা, সেটা আমরা করতে পারিনি। বোদোকে অভিনন্দন প্রাপ্য। তারা ঘরের মাঠে ও বাইরে- দুই জায়গাতেই আমাদের হারিয়েছে। তাই পরের রাউন্ডে যাওয়ার যোগ্য দল তারাই।”