images

স্পোর্টস / ক্রিকেট

টি-টোয়েন্টি ক্রিকেট বাবর আজমের জন্য না— শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২০ পিএম

গত কয়েক মাস ধরে বাবর আজমের টি-টোয়েন্টি পারফরম্যান্স নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেক বিশ্লেষকের মতে, ৩১ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার আধুনিক টি-টোয়েন্টির দ্রুতগতির সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পারছেন না।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ এখন পর্যন্ত পাঁচ ম্যাচে বাবরের সংগ্রহ ৬৬ রান। গড় ২২ এবং স্ট্রাইক রেট ১১৫.৭৮ যা এই ফরম্যাটের মানদণ্ডে তুলনামূলকভাবে কম। বেশ কয়েকটি ম্যাচে তিনি ধীরগতিতে শুরু করেছেন, ফলে অন্য প্রান্তে চাপ তৈরি হয়েছে। নেদারল্যান্ডস ও ভারতের বিপক্ষে খারাপ শট খেলে উইকেট হারানোও সমালোচনার জন্ম দিয়েছে।

সাবেক পেসার শোয়েব আখতার মনে করেন, বাবরের নিজরই টি-টোয়েন্টি ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। ‘গেম অন হ্যায়’ অনুষ্ঠানে তিনি বলেন, যদি বাবরকে খেলানোই হয়, তাহলে তাকে প্রথম ছয় ওভারে ব্যাটিং করানো উচিত। তার মতে, পাওয়ারপ্লেতে সুযোগ না দিলে এই ফরম্যাটে তার জায়গা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।

শোয়েব বলেছেন, ‘প্রথমত, বাবরের নিজেরই বোঝা উচিত ছিল, এই ফরম্যাট তার জন্য নয়। দ্বিতীয়ত, যদি তাকে খেলাতেই হয়, তবে নিশ্চিত করতে হবে সে যেন প্রথম ৬ ওভারের মধ্যেই ব্যাটিং করে। এটা খুব সাধারণ হিসাব, কোনো মহাকাশবিজ্ঞান নয়।’

অন্যদিকে পাকিস্তান দলের কোচ মাইক হেসন জানিয়েছেন, পাওয়ারপ্লেতে কম স্ট্রাইক রেটের কারণে বাবরকে চার নম্বরে নামানো হয়েছে। তবে সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন। হাফিজ এই যুক্তি উড়িয়ে দিয়ে বলেছেন, ‘কোচ বলছেন বাবর শুরুতে ও শেষে দ্রুত রান তুলতে পারেন না, তাই তাকে চারে খেলানো হচ্ছে। আমার কথা পরিষ্কার- বাবরকে যদি একাদশে রাখতেই হয়, তবে টপ অর্ডার ছাড়া কোনো বিকল্প নেই। চার নম্বর ওর জায়গা নয়।’

সুপার ৮ পর্বে পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচটি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃষ্টির কারণে একটি বলও না গড়িয়েই পরিত্যক্ত হয়। দুই দলই এক পয়েন্ট করে পায়।

সব মিলিয়ে, বাবর আজমের টি-টোয়েন্টি ভূমিকা এখন বড় প্রশ্নের মুখে। সামনে ম্যাচগুলোতেই বোঝা যাবে, তিনি কি নিজের খেলার ধরনে পরিবর্তন আনতে পারবেন, নাকি দলকে নতুন বিকল্প ভাবতে হবে।