স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৪ পিএম
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সুপার এইটের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে বিধ্বস্ত হয়েছে ভারত। এই হারে শুধু ম্যাচই নয়, ধাক্কা খেয়েছে ভারতের আত্মবিশ্বাস ও নেট রানরেট- দুটোই।
টস জিতে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লেতে ২০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু সেখান থেকেই ম্যাচ ঘুরিয়ে দেন ডেভিড মিলার ও ডেওয়াল্ড ব্রেভিস। চতুর্থ উইকেটে তাদের ৯৭ রানের জুটি ইনিংসের ভিত গড়ে দেয়।
৩৫ বলে ৬৩ রান করে মিলার ইনিংসের গতি বাড়ান। মাঝের ওভারগুলোতে সাধারণত ভারত যেভাবে চাপ তৈরি করে, এদিন তা পারেনি। বিশেষ করে বরুণ চক্রবর্তী ছন্দ খুঁজে পাননি, চার ওভারে খরচ করেন ৪৭ রান। ব্রেভিস ২৯ বলে ৪৫ রান করেন। শেষ দিকে ট্রিস্টান স্টাবস ঝড় তোলেন। হার্দিক পান্ডিয়ার এক ওভারে নেন ২০ রান। ১৮৩-এর বেশি গতিতে ব্যাট করে ৪৪ রান করেন তিনি। নির্ধারিত ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ১৮৭।
ভারতের হয়ে একমাত্র উজ্জ্বল পারফরম্যান্স করেন জসপ্রীত বুমরাহ। তিন উইকেট নিয়ে তিনি টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার হন। ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ভারত। ইশান কিষান শূন্য রানে ফেরেন। অভিষেক শর্মা ১২ বলে ১৫ রান করলেও বড় ইনিংস খেলতে পারেননি। তিলক ভার্মা আবারও ব্যর্থ, করেন মাত্র ১ রান।
ওয়াশিংটন সুন্দরকে পাঁচ নম্বরে তুলে আনার কৌশলও কাজে আসেনি। ১১ বলে ১১ রান করে ফিরেছেন তিনি। অধিনায়ক সূর্যকুমার যাদব ২২ বলে ১৮ রান করে আউট হন। একই রান করে ফেরেন হার্দিক পান্ডিয়া। রিঙ্কু সিংও শূন্য রানে আউট হওয়ায় তার জায়গা নিয়েও প্রশ্ন উঠছে। শিবম দুবে একপ্রান্তে লড়াই চালিয়ে ৪২ রান করলেও সঙ্গী না পেয়ে ম্যাচ বাঁচাতে পারেননি। শেষ পর্যন্ত বড় ব্যবধানে হার মেনে নিতে হয় ভারতকে।
৭৬ রানের বড় হারে ভারতের নেট রানরেট বড় ধাক্কা খেয়েছে। সামনে রয়েছে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ। ভারত দুই ম্যাচই জিতলেও সেমিফাইনাল নিশ্চিত নয়। যদি জিম্বাবুয়ে বা ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকাকে হারায়, তাহলে গ্রুপের সমীকরণ আরও জটিল হয়ে যাবে। সে ক্ষেত্রে একাধিক দল সমান পয়েন্টে পৌঁছাতে পারে।
ভারতের জন্য তুলনামূলক ভালো পরিস্থিতি হবে যদি এইডেন মার্করামের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা বাকি ম্যাচগুলো জিতে নেয়। তাতে নেট রানরেটের হিসাব কিছুটা এড়ানো সম্ভব হতে পারে। তবে যেকোনো অঘটন ভারতের পথ কঠিন করে তুলবে। সংক্ষেপে, সূর্যকুমারের দলকে শুধু জিতলেই হবে না, জিততে হবে বড় ব্যবধানে। নেট রানরেট বাড়ানো এখন তাদের জন্য বাধ্যতামূলক।