images

স্পোর্টস / ফুটবল

ইফতার বিতরণ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ফুটবলারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৫ পিএম

মিশরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে এক প্রতিশ্রুতিশীল কিশোর ফুটবলার। নিহত কিশোরের নাম মোতাসেম জাকারিয়া। তিনি মানসুরা ওয়ার্কার্স ক্লাবের যুব দলের অধিনায়ক ছিলেন।

রমজান মাসে নিয়মিতভাবে ইফতার সামগ্রী বিতরণের একটি স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশ নিতেন তিনি। শনিবার মাগরিবের আজানের কিছুক্ষণ আগে দাকাহলিয়া গভর্নরেটে পথচারী ও যাত্রীদের মধ্যে ইফতার ও খেজুর বিতরণ করার সময় দুর্ঘটনার শিকার হন মোতাসেম। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এই উদ্যোগটি ছিল রমজান উপলক্ষে একটি দাতব্য কার্যক্রম, যেখানে তিনি স্বেচ্ছায় অংশ নিতেন। তার এমন মানবিক কর্মকাণ্ড পরিবার, বন্ধু ও স্থানীয়দের কাছে তাকে আরও প্রিয় করে তুলেছিল।

মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, মোতাসেমের মৃত্যু দেশের ফুটবলের জন্য বেদনাদায়ক ক্ষতি।

ক্লাবের কোচ ও কর্মকর্তারাও গভীর শোক প্রকাশ করেছেন। তারা জানান, মোতাসেম শুধু প্রতিভাবান ফুটবলারই ছিলেন না, বরং দলের একজন দায়িত্বশীল অধিনায়ক ও ভদ্র, চরিত্রবান কিশোর ছিলেন।

২০১১ সালে জন্ম নেওয়া এই কিশোর খেলোয়াড়কে ভবিষ্যতের উজ্জ্বল তারকা হিসেবে দেখা হচ্ছিল। অল্প বয়সেই তার নেতৃত্বগুণ ও দক্ষতা সবার নজর কেড়েছিল। রমজানে সমাজসেবামূলক কাজে তার অংশগ্রহণ প্রমাণ করে, মাঠের ভেতরে যেমন প্রতিভাবান ছিলেন, তেমনি মাঠের বাইরেও ছিলেন মানবিক ও দায়িত্বশীল।