images

স্পোর্টস / ক্রিকেট

সাকিবের মামলার ফাইল এ সপ্তাহেই সরকারের কাছে যাবে: আসিফ আকবর

স্পোর্টস ডেস্ক

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪০ পিএম

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর আবারও আলোচনায় এসেছে সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা। বিষয়টি নিয়ে ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং নবনির্বাচিত সরকারের পক্ষ থেকে ইতিবাচক বার্তা পাওয়া গেছে।

বিসিবি পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, সাকিবের বিরুদ্ধে থাকা মামলাগুলো বর্তমানে পর্যালোচনার পর্যায়ে রয়েছে। দ্রুত এসব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সরকারের কাছে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হবে। তিনি বলেন, বোর্ডের পরিচালকদের সম্মতিতে সাকিবকে আবারও দলে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সাকিব নিজেও খেলতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান তিনি।

সম্প্রতি একটি টকশোতে আসিফ আকবর বলেন, ‘সাকিবের সঙ্গে আমার নিয়মিত কথা হয়। সর্বশেষ যখন আমি আমেরিকায় গিয়েছিলাম সেখানেও কথা হয়েছে। সাকিব বলেছে সে খেলতে চায়। এরপর বোর্ড পরিচালকদের সবার সম্মতিক্রমে আমরা সাকিবকে বাংলাদেশ দলে চেয়েছি।’

সাকিবের মামলা সংক্রান্ত ও আইনি ঝামেলা নিয়ে আসিফ বলেন, ‘সাকিবের মামলা বা অন্যান্য যা রয়েছে সেগুলো নিয়ে তার সঙ্গে কথা বলেছি। সেগুলো নিয়ে তার আইনজীবী যোগাযোগ করেছে বিসিবির সঙ্গে। আমরা খুব দ্রুততম সময়ে খুব সম্ভবত রবিবার-সোমবারে কেসের ফাইলগুলো পৌঁছে দেব। পরবর্তী দায়িত্ব সরকারের। আশা করছি রবি-সোমবারের মধ্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর মাধ্যমে সরকারের কাছে পৌঁছে দেব সাকিবের কেসের ফাইলগুলো।’

একই অনুষ্ঠানে বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘সাকিব ক্রিকেটার কি না এটা নতুন করে বলার কিছু নেই। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলোতে খেলছে সে, সেখানে কিছু কিছু পারফরম্যান্স অত্যন্ত চমৎকার। আমার মনে হয় যদি ফিটনেস লেভেলটা মোটামুটি থাকে (খেলতে পারবে), সে ভালো প্লেয়ার....বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড।’

আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজকে সামনে রেখে সাকিবকে দলে ফেরানোর সম্ভাবনা নিয়েই এখন জোর আলোচনা চলছে।

এসটি