স্পোর্টস ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৬ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। সকাল থেকেই উতসবমুখর পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন দেশের জনগণ। সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে গণভোটও।
প্রাপ্ত বয়ষ্ক সব বয়স ও শ্রেণীপেশার মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোট দিচ্ছেন ক্রীড়াঙ্গণের তারকারাও। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সকালেই নিজের ভোট দিয়েছেন। চট্টগ্রাম-১০ আসনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন তিনি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি ভোট দিতে যান। তার সঙ্গে ছিলেন বড় ভাই ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল।
এদিকে ভোট দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদও। ভোট দিয়ে উচ্ছ্বসিত তারকা এই ক্রিকেটার ফেসবুকে জানিয়েছেন সুন্দর বাংলাদেশের অপেক্ষার কথা।
নিজের ছবি দিয়ে ফেসবুকে তাসকিন লিখেন, একজন সচেতন নাগরিক হিসেবে সবারই নিজের গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে ভোট দেওয়া উচিত। আমিও আমার ভোটাধিকার প্রয়োগ করেছি। সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছেন জানিয়ে তাসকিন লিখেন, আমরা সকলে মিলে একটি নতুন, সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছি এবং সেই দিনের অপেক্ষায় আছি।
এছাড়া ভোত দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলও। ঢাকা-৯ আসনে দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুলে ভোট দিয়েছেন সাবেক অধিনায়ক ও জাতীয় দলের বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। সন্তানদের সঙ্গে নিয়েই ভোট দিয়েছেন সাবেক এই ক্রিকেটার।
এদিকে প্রথমবারের মত ভোট দিয়েছেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। এ ছাড়া প্রথমবার ভোট দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহান। নিজ এলাকা দৌলতপুরে ভোট দিয়েছেন তিনি।