Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

পুরনো ক্লাব ম্যানইউতেই ফিরছেন রোনালদো?

স্পোর্টস ডেস্ক

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৯ পিএম

ক্রিশ্চিয়ানো রোনালদোর সৌদি আরবের আল-নাসের ক্লাবে থাকার বিষয়টি এখন বড় বিতর্কের মধ্যে পড়েছে। বিশ্ব ফুটবলের সবচেয়ে লোভনীয় চুক্তিতে খেলছেন তিনি। প্রতিদিন প্রায় ৫ লাখ পাউন্ড (প্রায় ৭ কোটি টাকার বেশি) আয় করছেন। কিন্তু এখন তিনি হতাশ ও ক্ষুব্ধ। সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) যে ক্লাবগুলো নিয়ন্ত্রণ করে (যেমন আল-হিলাল, আল-আহলি, আল-ইত্তিহাদ ও আল নাসের), সেগুলোকে ট্রান্সফারে বেশি সুবিধা দেওয়া হচ্ছে বলে রোনালদো মনে করেন। 

তার ক্লাব আল নাসরকে তেমন ফান্ডিং বা সমর্থন দেওয়া হচ্ছে না। শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে আল-হিলাল তার সাবেক সতীর্থ করিম বেনজেমাকে দলে ভেড়ানোর অনুমতি পেয়েছে, কিন্তু আল নাসের নতুন বড় তারকা আনতে পারেনি। এতে রোনালদোর মনে হয়েছে, লিগের টাইটেল জয়ের পথে তার ক্লাবকে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া হচ্ছে। 

এই অসন্তোষের কারণে রোনালদো দুটি ম্যাচ খেলেননি। আল নাসের তারে ছাড়াই সেই ম্যাচ দুটি জিতেছে। সৌদি প্রো লিগ তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, তিনি মাঠে-মাঠের বাইরে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না। ক্লাবের নিজস্ব ট্রান্সফার নীতি ও ফান্ডিংয়ের দায়িত্ব তাদের।  

স্কাই স্পোর্টসসহ বিভিন্ন সূত্র জানিয়েছে, রোনালদো পিআইএফ এবং সৌদি প্রো লিগকে সরাসরি জানিয়েছেন- যদি আরও ভালো স্পোর্টিং গ্যারান্টি (খেলার মান ও সাফল্যের নিশ্চয়তা) না পান, তাহলে তিনি সৌদি আরব ছেড়ে চলে যাবেন। গ্রীষ্মের ২০২৬ ট্রান্সফার উইন্ডোতে তার চুক্তিতে একটি রিলিজ ক্লজ আছে। মাত্র ৪৪ মিলিয়ন পাউন্ড (প্রায় ৬০ মিলিয়ন ডলার) দিলেই অন্য ক্লাব তাকে কিনতে পারবে।

সৌদিতে তার অনেক ভক্ত আছেন। যে ম্যাচগুলোতে তিনি খেলেননি, সেখানে ৭ নম্বর জার্সির ব্যানার দেখানো হয়েছে ৭ মিনিটে। অনেকে এখনও তাকে সর্বকালের সেরা মনে করেন। এখন প্রশ্ন উঠেছে সৌদি ক্লাব ছেড়ে কোথায় যেতে পারেন রোনালদো। সেই তালিকায় উঠে এসেছে বেশ কিছু ক্লাবের নাম। 

গুঞ্জন উঠেছে, স্পোর্টিং লিসবন- তার ক্যারিয়ার শুরু হয়েছিল এই ক্লাবে। অনেকে এটাকে আবেগঘন রিটার্ন বলছেন। ইন্টার মিয়ামি- লিওনেল মেসির সঙ্গে একসঙ্গে খেলার স্বপ্ন দেখছেন অনেক ফ্যান। এমএলসএ যাওয়ার গুঞ্জন বেশ জোরালো। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড- অনেক ইউনাইটেড ফ্যান চান তাকে ফিরে আসতে। কিন্তু ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, তৃতীয়বারের মতো ফেরার কোনো সম্ভাবনা নেই। তার বয়স ৪১, এটা শুধু স্বল্পমেয়াদি সমাধান হবে। সাবেক খেলোয়াড় ওয়েস ব্রাউনও বলেছেন, এটা হওয়ার সম্ভাবনা খুব কম।

রোনালদো চান ২০২৬ বিশ্বকাপে খেলতে, পর্তুগালের অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন। তাই তিনি হয়তো বিশ্বকাপের পর তার ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

এসটি