স্পোর্টস ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৫ পিএম
কলকাতার ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দারুণ এক জয় তুলে নিয়েছে। স্কটল্যান্ডের বিপক্ষে তারা ৩৫ রানের বড় ব্যবধানে জিতেছে।
ম্যাচে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রান তোলে। শিমরন হেটমায়ারের ঝড়ো ইনিংসই ছিল মূল শক্তি। তিনি মাত্র ৩৬ বলে ৬৪ রান করেন, যার মধ্যে ৬টি ছক্কা ও ২টি চার। দশম ওভারে ক্রিজে নেমেই হেটমায়ার রানের গতি বাড়িয়ে দেন। মাত্র ২২ বলে ফিফটি পূর্ণ করেন তিনি, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে দ্রুততম ফিফটি।
এর আগে ২০০৯ সালে ক্রিস গেইল ২৩ বলে ফিফটি করেছিলেন। হেটমায়ারের এই ইনিংসে মাইকেল লিস্ক, মার্ক ওয়াট, সাফিয়ান শরিফ ও অলিভার ডেভিডসনের ওভারগুলোতে একের পর এক ছক্কা-চার মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
অন্যদিকে, স্কটল্যান্ডের বোলাররা শুরুতে ভালোই করেছিল। প্রথম ১০ ওভারে মাত্র ৬৬ রান দিয়ে ২ উইকেট তুলে নেয় তারা। কিন্তু হেটমায়ারের ঝড়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
জবাবে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড ১৮.৫ ওভারে ১৪৭ রানে অলআউট হয়। রোমারিও শেফার্ড বল হাতে ধ্বংসযজ্ঞ চালান। ১৭তম ওভারে তিনি হ্যাটট্রিকসহ এক ওভারে ৪ উইকেট নেন এবং মোট ৫ উইকেট শিকার করেন। এই দাপটে ক্যারিবিয়ানরা ম্যাচটি সহজেই জিতে নেয়।
এসটি