images

স্পোর্টস / ফুটবল

ভুলের মাশুল গুনে শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৪ পিএম

নারী সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের মেয়েদের হতাশাজনক পরাজয়। ভারতের কাছে ৪-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করল লাল-সবুজের প্রতিনিধিরা। শনিবার নেপালের পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ভারতের 'ইয়ং টাইগ্রেস' দাপট দেখিয়ে শিরোপা জিতে নিয়েছে।

গ্রুপ পর্বে বাংলাদেশ দুর্দান্ত ছিল। ভুটানকে ১২-০, ভারতকে ২-০ এবং স্বাগতিক নেপালকে ৪-০ গোলে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছিল পিটার বাটলারের দল। ভারতের বিপক্ষে সেই জয়ে অনেকেই আশা করেছিলেন ফাইনালেও একই দাপট দেখাবে বাংলাদেশ। কিন্তু ফাইনালে ছবিটা পুরোপুরি উল্টে যায়। এলোমেলো খেলা, রক্ষণের ভুল এবং সুযোগ নষ্টের মহড়ায় লাল-সবুজের মেয়েরা একেবারেই বিবর্ণ ছিল।

প্রথমার্ধের শেষদিকে, ৪২তম মিনিটে ভারত এগিয়ে যায়। পার্ল ফার্নান্দেজের ক্রস থেকে প্রীতিকা বর্মনের পাসে অধিনায়ক জুলান নংমাইথেম সহজেই জাল কাঁপান (১-০)। বিরতির পর বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করে। ৫১তম মিনিটে তৃষ্ণা রানী একা গোলরক্ষককে পেয়েও শট পোস্টের বাইরে মেরে সুযোগ নষ্ট করেন।

এরপরই শুরু হয় ভুলের মিছিল। ৬১তম মিনিটে গোলরক্ষক ইয়ারজান বেগমের ভুলে পেনাল্টি পায় ভারত। আলভা দেবি সেনজামকে ফাউল করলে এলিজাবেথ লাকড়া স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন (২-০)। ৬৮তম মিনিটে আরেক ভুল। প্রতিমার ব্যাকপাস নিতে গিয়ে ইয়ারজানের শট পার্ল ফার্নান্দেজের গায়ে লেগে গোলে ঢুকে যায় (৩-০)। শেষদিকে ৮৩তম মিনিটে চতুর্থ গোল হজম করে বাংলাদেশ। ফলে ৪-০ বড় ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় দলটিকে।

অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতে এটি সাফের তৃতীয় আসর। ২০২১ সালে ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ২০২৪ সালে দুই দল যৌথ চ্যাম্পিয়ন হয়। বয়সভিত্তিক সাফে (অনূর্ধ্ব-১৮/১৯/২০) আগের ৬ আসরে বাংলাদেশ ৪ বার শিরোপা জিতেছে, ভারত ১ বার। এবার ভারত দারুণভাবে শিরোপা ফিরিয়ে নিল।

এসটি