স্পোর্টস ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৯ পিএম
সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলা নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। আল নাসেরের ম্যানেজমেন্টে পরিবর্তন নিয়ে কোনো স্পষ্ট নিশ্চয়তা না পাওয়ায় টানা দ্বিতীয় লিগ ম্যাচ বর্জনের সিদ্ধান্তেই অটল আছেন তিনি।
রোনালদোর অসন্তোষের মূল কারণ সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)। এই সংস্থাটি সৌদি আরবের চারটি বড় ক্লাব আল নাসের, আল হিলাল, আল ইত্তিহাদ ও আল আহলি নিয়ন্ত্রণ করে। রোনালদোর অভিযোগ, পিআইএফ আল নাসেরের চেয়ে আল হিলালকে বেশি আর্থিক সুবিধা দিচ্ছে।
ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে যদি পিআইএফের পক্ষ থেকে কোনো পরিবর্তনের নিশ্চয়তা না আসে, তাহলে চলতি মৌসুম শেষে আগামী জুনে আল নাসের ছাড়ার আবেদন করতে পারেন রোনালদো।
এই অসম আর্থিক সুবিধার কারণেই আল ইত্তিহাদ থেকে করিম বেনজেমার আল হিলালে যোগ দেওয়া ঠেকাতে চেয়েছিলেন রোনালদো। তার মতে, বেনজেমা গেলে আল হিলালের শিরোপা জয়ের পথ আরও সহজ হয়ে যেত। তবে শেষ পর্যন্ত সোমবার আল রিয়াদের বিপক্ষে ম্যাচ বর্জন করলেও কোনো ফল হয়নি। সেই দিনই আল হিলালে চুক্তি করেন বেনজেমা।
রোনালদো সম্প্রতি নিজের অনুশীলনের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। কিন্তু বুধবার আল নাসেরের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত অনুশীলনের ছবিতে তাকে দেখা যায়নি।
এদিকে আল নাসেরের ভেতরের পরিবর্তনও রোনালদোর অসন্তোষ বাড়িয়েছে। গত মাসে বোর্ড মিটিংয়ের পর ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর সিমাও কৌতিনহো ও প্রধান নির্বাহী কর্মকর্তা হোসে সেমেদোর ক্ষমতা কমানো হয়। পাশাপাশি খরচ কমানোর সিদ্ধান্তে নতুন তারকা খেলোয়াড় আনা কঠিন হয়ে পড়েছে।
অন্যদিকে আল হিলাল পেয়েছে বড় অঙ্কের আর্থিক সহায়তা। ক্লাবটির পৃষ্ঠপোষক সৌদি যুবরাজ আল ওয়ালিদ বিন তালাল আল সৌদ নিজ অর্থায়নে দল শক্তিশালী করেছেন। চলতি ট্রান্সফার উইন্ডোর সব সাইনিং, এমনকি বেনজেমার দলবদলও তার অর্থায়নে হয়েছে বলে জানিয়েছে ইএসপিএন। রোনালদো স্পষ্টভাবে জানিয়েছেন, ক্লাব ব্যবস্থাপনার ক্ষমতা দ্রুত ফিরিয়ে আনা এবং ভবিষ্যতে ট্রান্সফার উইন্ডোতে বাইরের হস্তক্ষেপ না হওয়ার নিশ্চয়তা পেলেই তিনি মাঠে ফিরবেন।
২০২২ সালে আল নাসেরে যোগ দেওয়ার পর এখনো বড় কোনো শিরোপা জিততে পারেননি রোনালদো। গত গ্রীষ্মে তিনি ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি নবায়ন করেন। সেই চুক্তিতে তার রিলিজ ক্লজ ধরা আছে ৫ কোটি ইউরো। আগামীকাল শুক্রবার আল ইত্তিহাদের বিপক্ষে মাঠে নামবে আল নাসের। তবে সেই ম্যাচে রোনালদো খেলবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
এসটি