স্পোর্টস ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৫ পিএম
ভুটানকে বড় ব্যবধানে হারানোর পর এবার আরও কঠিন পরীক্ষায় নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল। সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে শক্ত প্রতিপক্ষ ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলেই ২-০ গোলের জয় পেয়েছে লাল-সবুজের মেয়েরা।
সোমবার নেপালের পোখরায় অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের হয়ে গোল করেন অধিনায়ক অর্পিতা বিশ্বাস ও আলপি আক্তার। এই জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এবং ১৪ গোল ব্যবধানে টুর্নামেন্টের শীর্ষে আছে বাংলাদেশ। ফাইনালে ওঠার পথ এখন প্রায় নিশ্চিত।
ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভারত। প্রথম ১০ মিনিটেই তারা কয়েকটি সুযোগ তৈরি করে। তবে গোল করতে পারেনি। ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। বাঁ দিক দিয়ে মামনি চাকমার গতিময় আক্রমণ ভারতের রক্ষণে চাপ সৃষ্টি করে।
২৯ মিনিটে মামনি চাকমার নেওয়া একটি ফ্রি কিক থেকে বল গোলমুখে আসে। ভারতের গোলকিপার বল ধরতে ব্যর্থ হলে সামনে থাকা অর্পিতা বিশ্বাস সুযোগ কাজে লাগিয়ে গোল করেন। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
গোলের পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে বাংলাদেশ। ৩৭ মিনিটে কোচ পিটার বাটলার দুইটি পরিবর্তন আনেন। এর ফল দ্রুতই পাওয়া যায়। ৪০ মিনিটে তৃষ্ণা রানীর দারুণ ক্রস থেকে আলপি আক্তার নিখুঁত ফিনিশে ব্যবধান বাড়ান। প্রথমার্ধ শেষ হয় বাংলাদেশের ২-০ লিড নিয়ে।
দ্বিতীয়ার্ধে ব্যবধান কমাতে মরিয়া হয়ে আক্রমণ চালায় ভারত। তবে বাংলাদেশের রক্ষণভাগ ছিল খুবই শক্ত। গোলরক্ষক ইয়ারজান বেগম একাধিক গুরুত্বপূর্ণ সেভ করেন। পাল্টা আক্রমণে বাংলাদেশও সুযোগ তৈরি করেছিল, যদিও আর গোল হয়নি।
ম্যাচের শেষ দিকে ভারত চাপ বাড়ালেও জয় নিশ্চিত করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ২-০ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে অনূর্ধ্ব-১৯ নারী দল। আজ নেপাল ও ভুটানের ম্যাচ যদি ড্র হয়, তাহলে এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করবে বাংলাদেশ।
এসটি