images

স্পোর্টস / ফুটবল

শিরোপার পথে বড় হোঁচট ম্যানসিটির, টানা তৃতীয় জয় ক্যারিকের ম্যানইউর

স্পোর্টস ডেস্ক

০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৭ এএম

নিজেদের ছন্দে সামান্য দুলে ওঠার পর আর্সেনাল জোরালো প্রত্যাবর্তন করেছে। শনিবার লিডস ইউনাইটেডকে ৪–০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা প্রতিদ্বন্দ্বীদের সামনে বার্তা ছুড়ে দিয়েছে তারা। এই জয়ে শীর্ষে থাকা আর্সেনাল পয়েন্ট ব্যবধান বাড়িয়ে করেছে সাত।

এদিকে টটেনহ্যামের মাঠে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধে রায়ান শেরকি ও আঁতোয়ান সেমেনিওর গোলে সহজ লিডে ছিল সিটি। কিন্তু বিরতির পর দৃশ্যপট পাল্টে যায়। ডমিনিক সোলাঙ্কে প্রথমে ব্যবধান কমান, এরপর অবিশ্বাস্য এক ‘হিল ভলি’তে সমতা ফেরান। ঘরের মাঠে টটেনহ্যামের এমন প্রত্যাবর্তনে সিটি হতাশ হয়ে মাঠ ছাড়ে।

শেষ ছয় লিগ ম্যাচে সিটির জয় মাত্র একটি। ২৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তারা এখন আর্সেনালের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে, বাকি ১৪ ম্যাচ।

ম্যাচ শেষে সিটি কোচ পেপ গার্দিওলা বলেন, “সামগ্রিকভাবে পারফরম্যান্স ভালো ছিল। দুর্ভাগ্য যে জিততে পারিনি। অন্যরা যখন ধারাবাহিক ছিল, আমরা তা পারিনি। ১৪ ম্যাচ অনেক সময়। ছয় পয়েন্ট ব্যবধান, এখন পরের ম্যাচে মনোযোগ।”

প্রথমার্ধ শেষে টটেনহ্যাম সমর্থকদের দুয়ো শুনতে হয়েছিল। কিন্তু শেষ বাঁশির পর সেই সমর্থকরাই সোলাঙ্কের ‘বিছের মতো’ গোল নিয়ে উচ্ছ্বসিত হয়ে স্টেডিয়াম ছাড়েন। সোলাঙ্কে বলেন, “কিছুটা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়েছে। এমন ফিনিশিং আমি পছন্দ করি, কিছু না থেকেও কিছু তৈরি করা। বড় পর্দায় কয়েকবার দেখে নিতে হয়েছে!”

ইউনাইটেডের নাটকীয় জয়

অন্তর্বর্তী কোচ মাইকেল ক্যারিকের অধীনে টানা তৃতীয় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফুলহ্যামের বিপক্ষে ৩–২ গোলের নাটকীয় জয়ে ৪১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে তারা।

১৯ মিনিটে কাসেমিরো এবং ৫৬ মিনিটে ম্যাথিউস কুনিয়ার গোলে ২–০ লিড নেয় ইউনাইটেড। ৮৫ মিনিটে রাউল হিমেনেস পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান। ৯১ মিনিটে কেভিনের দুর্দান্ত শটে সমতা ফেরায় ফুলহ্যাম। তবে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের পাস থেকে বদলি নেমে বেনিয়ামিন শেশকো জোরালো শটে জয়সূচক গোল করেন।

ক্যারিক বলেন, “এটা বড় ম্যাচ ছিল। বেনের জন্য খুব খুশি। স্ট্রেটফোর্ড এন্ডের সামনে এমন জয়ের চেয়ে ভালো কিছু নেই।”

আরএ