স্পোর্টস ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০০ এএম
হ্যামস্ট্রিং চোটে প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের জুড বেলিংহ্যাম। রোববার রায়ো ভায়েকানোর বিপক্ষে ২–১ গোলে জেতা লা লিগা ম্যাচে চোট পান এই ইংলিশ মিডফিল্ডার, ক্লাব বিষয়টি নিশ্চিত করেছে।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের নবম মিনিটেই লম্বা পাস তাড়া করতে গিয়ে অস্বস্তিকর ভঙ্গিতে থেমে যান ২২ বছর বয়সী বেলিংহ্যাম। সঙ্গে সঙ্গে বাঁ উরুর পেছনের অংশ চেপে ধরেন তিনি। হেঁটে মাঠ ছাড়লেও চোখে ছিল অশ্রু, যা চোটের গুরুত্বই ইঙ্গিত দিচ্ছিল।
লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। এমন সময়ে বেলিংহ্যামের ছিটকে যাওয়া আলভারো আরবেলোয়ার দলের জন্য বড় ধাক্কা। আগামী রোববার ভ্যালেন্সিয়ার মাঠে কঠিন অ্যাওয়ে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রিয়ালের ব্যস্ত সূচি।
সবচেয়ে বড় ধাক্কা আসতে পারে চ্যাম্পিয়নস লিগে। মাসের শেষ দিকে পর্তুগিজ ক্লাব বেনফিকার বিপক্ষে দুই লেগের নকআউট প্লে–অফে বেলিংহ্যামকে পাওয়া যাবে না বলেই ধারণা করা হচ্ছে।