images

স্পোর্টস / ক্রিকেট

ভারত ম্যাচ বয়কট করায় যেসব শাস্তির মুখোমুখি হতে পারে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১০ এএম

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে আইসিসি, এমনটাই জানানো হয়েছে আইসিসি বোর্ডের একটি সূত্রের বরাতে।

আনুষ্ঠানিকভাবে এখনো আইসিসিকে সিদ্ধান্ত জানায়নি পিসিবি। তবে পাকিস্তান সরকারের প্রকাশ্য ঘোষণার পর সোমবার ভার্চুয়াল বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করবে আইসিসি বোর্ড। সেখানে ঠিক হবে, পাকিস্তানকে টুর্নামেন্টে খেলতে দেওয়া হবে কি না। খেলতে দেওয়া হলেও পিসিবির জন্য কঠোর শাস্তির সম্ভাবনা থাকছে।

আরও পড়ুন- পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট বিষয়ে আইসিসি যা বলছে

আইসিসি বোর্ডের একটি সূত্র পিটিআইকে জানিয়েছে, ভারত ম্যাচ না খেলার সিদ্ধান্তটি আইসিসি ও বিসিসিআইয়ের সঙ্গে স্বাক্ষরিত বাধ্যতামূলক চুক্তির লঙ্ঘন। সে কারণে সদস্য দেশগুলো পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্বীকৃতি জানাতে পারে।

এমনকি সিরিজ খেললেও তার ফল আইসিসি র‍্যাঙ্কিংয়ে গণনা না করার মতো পদক্ষেপ নেওয়া হতে পারে। পাকিস্তানকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট থেকেও বঞ্চিত করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সূত্রটি।

সবচেয়ে বড় ধাক্কা আসতে পারে পাকিস্তানের রাজস্বের অন্যতম উৎস পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ। বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটারদের ফ্রি এজেন্ট ছাড়া পিএসএলে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।

এ ছাড়া ভারত–পাকিস্তান ম্যাচ না হওয়ায় আইসিসির স্বাগতিক সম্প্রচারক জিও-স্টারের যে বিপুল আর্থিক ক্ষতি হবে, তার ক্ষতিপূরণ পিসিবির কাছ থেকে আদায় করা হতে পারে। একই সঙ্গে আইসিসি থেকে পিসিবির বার্ষিক রাজস্ব অংশও আটকে দেওয়া হতে পারে। যদি আইসিসি পাকিস্তানকে পুরো টুর্নামেন্ট থেকেই নিষিদ্ধ করে, সে ক্ষেত্রে বিকল্প দল হিসেবে উগান্ডাকে নেওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

ভারত–পাকিস্তান টি–টোয়েন্টি ম্যাচের বিজ্ঞাপনমূল্য অত্যন্ত বেশি। ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের মূল্য ২৫ থেকে ৪০ লাখ রুপি পর্যন্ত হয়ে থাকে। এই ম্যাচ না হওয়ায় শুধু বিজ্ঞাপন থেকেই ২০০ কোটির বেশি রুপির ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তানের ভারত ম্যাচ বর্জনের সম্ভাব্য প্রভাবগুলো সংক্ষেপে:

১. পুরো টুর্নামেন্ট থেকেই নিষিদ্ধ হওয়ার ঝুঁকি।
২. আইসিসির বার্ষিক রাজস্ব অংশ আটকে দেওয়া।
৩. জিও-স্টারের আর্থিক ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ দিতে বাধ্য করা।
৪. দ্বিপাক্ষিক সিরিজে নিষেধাজ্ঞা, র‍্যাঙ্কিং ও ডব্লিউটিসি পয়েন্টে প্রভাব।
৫. বিদেশি আন্তর্জাতিক ক্রিকেটারদের পিএসএলে খেলায় নিষেধাজ্ঞা।

আরএ