images

স্পোর্টস / ফুটবল

বেলিংহামকে নিয়ে বড় দুঃসংবাদের আশঙ্কা রিয়ালে

স্পোর্টস ডেস্ক

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৩ পিএম

রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম চোটে পড়ে মাঠ ছাড়লেন অশ্রুসিক্ত চোখে। রোববার রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ডান প্রান্ত দিয়ে বল তাড়া করতে গিয়ে হঠাৎই উরুর পেছনে হাত দেন ইংল্যান্ড তারকা। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন, বোঝা যাচ্ছিল তীব্র অস্বস্তিতে আছেন। নিজে হেঁটেই মাঠ ছাড়লেও বেলিংহ্যামের আবেগী প্রতিক্রিয়া দেখে অনেক সমর্থকই গুরুতর চোটের আশঙ্কা করছেন।

চোটের মাত্রা নির্ধারণে দ্রুতই পরীক্ষা-নিরীক্ষা করানো হবে। তবে প্রাথমিক লক্ষণ বলছে, কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।

এ অবস্থায় ভ্যালেন্সিয়া ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে আসন্ন লা লিগা ম্যাচে তার খেলা অনিশ্চিত। শুধু তাই নয়, ১৭ ফেব্রুয়ারি বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ নকআউট প্লে-অফের প্রথম লেগেও তাকে পাওয়া কঠিন হতে পারে। পরের সপ্তাহের ফিরতি লেগেও খেলা নিয়ে শঙ্কা রয়ে গেছে। মার্চের শেষ দিকে আন্তর্জাতিক বিরতির আগে পুরোপুরি ফিট হয়ে ওঠাও নির্ভর করছে চোটের তীব্রতার ওপর।

ইংল্যান্ড দলে নতুন কোচ টমাস টুখেলের অধীনে বেলিংহ্যামের সময়টাও খুব স্বস্তির ছিল না। সেপ্টেম্বরে কাঁধের চোটে ছিটকে গিয়েছিলেন, অক্টোবরে ফিটনেসের ঘাটতিতে দলে জায়গা পাননি। নভেম্বরে ফিরলেও গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুর একাদশে ছিলেন না তিনি। মার্চ ক্যাম্পে জায়গা না পেলে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়াও বেলিংহ্যামের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। আগামী গ্রীষ্মে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে বিশ্বকাপের আসর।