স্পোর্টস ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৪ পিএম
নেপালে অনুষ্ঠিত সুপার সিক্সের শেষ বাছাই ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৪১ রানে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে স্কটল্যান্ড।
বাছাইপর্ব থেকে শীর্ষ চার দল মূল আসরে খেলার সুযোগ পায়। তৃতীয় স্থানে থেকে স্কটল্যান্ড যোগ দিল বাংলাদেশ, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে। আগামী ১২ জুন ইংল্যান্ডে শুরু হবে টুর্নামেন্ট।
স্কটল্যান্ডের ইনিংসে ওপেনার ডার্সি কার্টারের ৫২ রানের ইনিংস ছিল ভিত্তি। তাকে ভালো সমর্থন দেন আইলসা লিস্টার (৪৩) ও প্রিয়ানাজ চ্যাটার্জি (৩৯)। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৮ রান তোলে স্কটিশরা।
যুক্তরাষ্ট্রের হয়ে তারা নরিস তিনটি উইকেট নেন। তার শিকার হন স্কটল্যান্ড অধিনায়ক ক্যাথরিন ব্রাইস, যিনি ‘গোল্ডেন ডাক’-এর বিরল হতাশায় ফেরেন।
তবে বোলিংয়ে নেমে সেই হতাশা দ্রুত কাটিয়ে ওঠেন ব্রাইস। আমেরিকার জবাবে প্রথম ওভারেই ওপেনার দিশা ধিংরাকে ফেরান তিনি। পরে ইসানি ভাগেলাকেও আউট করেন। ক্লোয়ি অ্যাবেল নেন দুটি উইকেট। আর ১৯তম ওভারে টানা দুই উইকেট নিয়ে ম্যাচের ইতি টানেন প্রিয়ানাজ চ্যাটার্জি।
যুক্তরাষ্ট্র নির্ধারিত ওভারের আগেই থেমে যায়, আর স্কটল্যান্ড পায় বড় জয়ের স্বাদ ও বিশ্বকাপের টিকিট।