images

স্পোর্টস / ফুটবল

ব্রাজিলকে বিশ্বকাপ জয়ের জন্য যে পরামর্শ দিলেন দুঙ্গা

স্পোর্টস ডেস্ক

০১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৩ এএম

১৯৯৪ বিশ্বকাপে ব্রাজিলকে দুই যুগ পর শিরোপা এনে দেওয়া অধিনায়ক দুঙ্গা আবারও সেলেসাওদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে চান। আসন্ন ফিফা বিশ্বকাপ সামনে রেখে তিনি বলছেন, বিশ্বকাপ জিততে হলে দুনিয়ার সবকিছু ভুলে পুরো মনোযোগ দিতে হবে শুধু ফুটবলে।

আগামী বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলও অংশ নেবে। তবে ২০০২ সালের পর আর বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল দলটি।

দুঙ্গার মতে, বিশ্বকাপ জয়ের প্রস্তুতি শুরু হয় অনেক আগেই। তিনি বলেন, “যখন একটি দেশ বিশ্বকাপ জিতে, তখন তারা এমন কিছু কাজ করে যা অন্যরা করে না। অনুশীলনের আগেই আপনাকে ম্যাচ জিততে হবে, আপনার পরিকল্পনায়, আপনার প্রস্তুতিতে।”

নিজের ১৯৯৪ বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা তুলে ধরে দুঙ্গা জানান, সে সময়ও তারা প্রতিপক্ষদের বিশ্লেষণ করতেন। পার্থক্য শুধু ছিল সময়ের। “এখন অনেকেই মনে করেন আমরা তখন বিশ্লেষণ করিনি, কিন্তু সেটা ঠিক নয়। তখন টিভি সম্প্রচারের জন্য অপেক্ষা করতে হতো। এরপর কোচ কার্লোস আলবের্তো পারেইরা, সহকারী কোচ মারিও জাগালো ও টিম ম্যানেজার আমেরিকো ফারিয়া প্রতিটি দলের শক্তি-দুর্বলতা নিয়ে তথ্য সংগ্রহ করতেন।”

দুঙ্গা আরও বলেন, শুধু বিশ্লেষণ করলেই হবে না, সেটার বাস্তব প্রয়োগ জরুরি। “প্রতিপক্ষ সম্পর্কে যা শিখবেন, সেটা যদি মাঠে কাজে না লাগে, তাহলে এত বিশ্লেষণের কোনো মূল্য নেই। প্রতিদিন উন্নতি করতে হবে। বিশ্বকাপ জিততে চাইলে যেকোনো দলের বিপক্ষে জেতার সক্ষমতা থাকতে হবে।”

বিশ্বকাপে মনোযোগ নিয়ে দুঙ্গা বলেন, এই সময়টা ত্যাগের। “বিশ্বকাপ জিততে হলে দলের সবাইকে এর জন্য মূল্য দিতে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। এই ৩০ দিনের জন্য আপনাকে বাকি দুনিয়াকে ভুলে যেতে হবে। পরিবার, ব্যক্তিগত জীবন- সবকিছু পেছনে রেখে শুধু লক্ষ্যেই মন দিতে হবে। অনেকের কাছে এটা কঠিন মনে হতে পারে, কিন্তু ট্রফি জিততে হলে এই ত্যাগ দরকার।”

আগামী ১১ জুন শুরু হবে এবারের ফিফা বিশ্বকাপ। ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের মিয়ামিতে মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

এসটি