images

স্পোর্টস / ক্রিকেট

বিশ্বকাপ বয়কট নিয়ে পাকিস্তানকে আইসল্যান্ড ক্রিকেটের খোঁচা

স্পোর্টস ডেস্ক

২৯ জানুয়ারি ২০২৬, ০৬:৩২ পিএম

টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) নতুন করে খোঁচা দিয়েছে আইসল্যান্ড ক্রিকেট। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে পাকিস্তান আদৌ খেলবে কি না, সে সিদ্ধান্ত আসতে পারে শুক্রবার অথবা আগামী সোমবার। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বৈঠকের পরই বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বুধবার মজার ছলে প্রতিক্রিয়া জানিয়েছে আইসল্যান্ড ক্রিকেট। পাকিস্তান যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে তাদের জায়গা নিতে প্রস্তুত, এমন মন্তব্য করে আলোচনায় এসেছে দেশটির ক্রিকেট বোর্ড।

আইসল্যান্ড ক্রিকেট এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লিখেছে, পাকিস্তান যেন দ্রুত সিদ্ধান্ত নেয়, সেটিই তারা চাইছে। পোস্টে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলা হয়, ২ ফেব্রুয়ারি পাকিস্তান সরে দাঁড়ালে তারা সঙ্গে সঙ্গেই রওনা দিতে প্রস্তুত, যদিও ৭ ফেব্রুয়ারির আগেই কলম্বো পৌঁছানো ‘লজিস্টিক দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়াবে। এমনকি মজা করে বলা হয়, দলের ওপেনিং ব্যাটসম্যান নাকি অনিদ্রায় ভোগে।

আইসল্যান্ড ক্রিকেট লিখেছে, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলার ব্যাপারে কী সিদ্ধান্ত নিল, সেটা আমাদের জানা দরকার। যেহেতু তারা ২ ফেব্রুয়ারি বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করছে, আমরা দ্রুতই উড়াল দেব। তবে বিমানের সূচি আসলেই একটা ঝামেলার ব্যাপার হয়ে গেল। কলম্বোতে ৭ ফেব্রুয়ারি পৌঁছানো কঠিন হয়ে গেল। আমাদের উদ্বোধনী ব্যাটারদের একটু ঘুমের সমস্যা রয়েছে।’

Screenshot_2026-01-29_182853

পোস্টের সঙ্গে কেফলাভিক থেকে কলম্বো পর্যন্ত সম্ভাব্য ভ্রমণ পরিকল্পনার একটি স্ক্রিনশটও শেয়ার করে আইসল্যান্ড ক্রিকেট, যা পুরো বিষয়টিকে আরও হাস্যরসাত্মক করে তোলে। এর আগে গত সপ্তাহে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ ভারত সফরে গিয়ে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোয় এই সিদ্ধান্ত নেয় আইসিসি।

বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে পাকিস্তানও। বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে পাকিস্তান ইঙ্গিত দিয়েছে, প্রয়োজনে তারাও টুর্নামেন্ট বয়কট করতে পারে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পর জানান, সব বিকল্পই বিবেচনায় রয়েছে এবং শুক্রবার অথবা সোমবারের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে, অনিশ্চয়তার মধ্যেও ২০ দল নিয়ে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। একটি ব্যতিক্রম ছাড়া এই দলটিই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে অংশ নেওয়া স্কোয়াডের সঙ্গে প্রায় অভিন্ন।