স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৬, ০২:২৩ পিএম
অ্যালিসা হিলির উত্তরসূরি হিসেবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের সব সংস্করণের অধিনায়ক হিসেবে সোফি মোলিনিউকে নিয়োগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বৃহস্পতিবার এই ঘোষণা দেয় দেশটির ক্রিকেট বোর্ড। ভারতের বিপক্ষে আসন্ন ঘরের মাঠের সিরিজের টি-টোয়েন্টি পর্ব দিয়েই অধিনায়ক হিসেবে অভিষেক হবে ২৮ বছর বয়সী ভিক্টোরিয়ান স্পিনারের।
বর্তমান সহ-অধিনায়ক তাহলিয়া ম্যাকগ্রাথকে টপকে মোলিনিউকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হলেও ম্যাকগ্রাথ তার সহ-অধিনায়কের ভূমিকায় বহাল থাকছেন। পাশাপাশি নতুন করে দ্বিতীয় সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাশলি গার্ডনার।
অধিনায়কত্ব পেয়ে প্রতিক্রিয়ায় মোলিনিউ বলেন, ‘অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়া আমার জন্য দারুণ সম্মানের। বিশেষ করে অ্যালিসার পর এই দায়িত্ব পাওয়া—যিনি এই দল ও ক্রিকেটে অসাধারণ প্রভাব রেখেছেন, আমার জন্য গর্বের বিষয়।’
তিনি আরও বলেন, ‘আমাদের দলে অনেক স্বাভাবিক নেতা আছে, সঙ্গে উঠে আসছে দারুণ কিছু প্রতিভা। আমরা কীভাবে একসঙ্গে আরও এগোতে পারি, সেই পথচলায় কাজ করতে আমি মুখিয়ে আছি, দলের নিজস্ব পরিচয় বজায় রেখেই।’ ‘আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। তাহলিয়া, অ্যাশ ও পুরো দলের সঙ্গে একসঙ্গে এগিয়ে গিয়ে কী অর্জন করতে পারি, সেটাই এখন লক্ষ্য,’ যোগ করেন মোলিনিউ।
চমকপ্রদ হলেও কিছুটা অপ্রত্যাশিত এই সিদ্ধান্ত। হাঁটুর চোটের কারণে ২০২৪ সালের পর থেকে টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেটে খেলেননি মোলিনিউ। গত বছর ওয়ানডে বিশ্বকাপেও তাকে সতর্কভাবে ব্যবহার করা হয়েছিল। মেলবোর্ন রেনেগেডসের হয়ে পুরো একটি ডব্লিউবিবিএল মৌসুমও মিস করেন তিনি। তবে ২০২৪–২৫ মৌসুমে রেনেগেডসকে নেতৃত্ব দিয়ে বহুদিন পর ডব্লিউবিবিএল শিরোপা জেতানোই জাতীয় দলের অধিনায়কত্ব পাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে।
ভারতের বিপক্ষে ফেব্রুয়ারির মাঝামাঝি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মোলিনিউ। এরপর অ্যালিসা হিলি ফিরবেন নিজের বিদায়ী ওয়ানডে সিরিজ ও মার্চের শুরুতে ওয়াকার মাঠে শেষ টেস্ট ম্যাচ খেলতে।
এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টসহ তিন সংস্করণেই দলকে নেতৃত্ব দেবেন মোলিনিউ। জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিও শুরু করবেন তিনি। জাতীয় নির্বাচক শন ফ্লেগলার জানিয়েছেন, চোটের ইতিহাস বিবেচনায় মোলিনিউর কাজের চাপ সতর্কভাবে নিয়ন্ত্রণ করা হবে। ‘সাম্প্রতিক মৌসুমগুলোতে চোটের কারণে চ্যালেঞ্জ থাকায় গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট ও বড় আন্তর্জাতিক সিরিজগুলোকে অগ্রাধিকার দিয়ে সোফির ওয়ার্কলোড আমরা ব্যবস্থাপনা করব,’ বলেন ফ্লেগলার।
তিনি আরও বলেন, তাহলিয়া ম্যাকগ্রাথ সহ-অধিনায়ক হিসেবে থাকছেন, কারণ অ্যালিসা হিলির অধীনে তার নেতৃত্বের অবদান উল্লেখযোগ্য। বিভিন্ন সংস্করণে ১৬ বার ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে তিনি ধারাবাহিকতা ও স্থিতিশীলতা দেখিয়েছেন। অ্যাশলি গার্ডনারকে সহ-অধিনায়ক হিসেবে উন্নীত করায় নেতৃত্বগোষ্ঠী আরও শক্তিশালী হয়েছে বলেও মন্তব্য করেন ফ্লেগলার।
আরএ