স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৬, ১১:০৫ এএম
নতুন মৌসুম শুরুর আগে প্রাক-মৌসুম প্রস্তুতির শুরুটা ভালো হলো না লিওনেল মেসি ও তার দল ইন্টার মিয়ামির। শনিবার রাতে প্রীতি ম্যাচে পেরুর ক্লাব আলিয়ানজা লিমার কাছে ৩-০ গোলে হেরেছে মেজর লিগ সকারের (এমএলএস) জায়ান্ট ক্লাবটি।
গত ৬ ডিসেম্বর ভ্যাঙ্কুবার হোয়াইটক্যাপসকে হারিয়ে প্রথম এমএলএস কাপ জয়ের পর এটিই ছিল ইন্টার মিয়ামির প্রথম ম্যাচ। যদিও এটি প্রাক-মৌসুমের ম্যাচ, তবু প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি মেসির দল। ম্যাচে ৬৩ মিনিট খেলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
ম্যাচের প্রথমার্ধেই দুই গোল হজম করে ইন্টার মিয়ামি। ২৯ মিনিটে পেরুর অভিজ্ঞ স্ট্রাইকার পাওলো গুইরেরো প্রথম গোলটি করেন। মাত্র ছয় মিনিট পর আবারও গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করলেও ব্যর্থ হয় মিয়ামির। ৭৩ মিনিটে আলিয়ানজা লিমার হয়ে তৃতীয় গোলটি করেন লুইস রামোস, যা কার্যত নিশ্চিত করে দেয় ইন্টার মিয়ামির পরাজয়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিল মিয়ামি। লুইস সুয়ারেজের পাসে গোলবারের সামনে অরক্ষিত অবস্থায় বল পান রদ্রিগো ডি পল। তবে তার শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
এই ম্যাচে ইন্টার মিয়ামি পায়নি অবসর নেওয়া দুই তারকা জর্দি আলবা ও সার্জিও বুসকেতসকে। তবে প্রথমবারের মতো ক্লাবের জার্সিতে খেলতে দেখা গেছে সেইন্ট ক্লেয়ার, সার্জিও রেগুইলিয়ন ও ডেভিড আয়ালাকে।
আগামী সপ্তাহে কলম্বিয়ার ক্লাব অ্যাটলেটিকো নাসিওনালের বিপক্ষে আরেকটি প্রাক-মৌসুম ম্যাচ খেলবে ইন্টার মিয়ামি। আগামী ২১ ফেব্রুয়ারি এলএ গ্যালাক্সির বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুমের এমএলএস অভিযান শুরু করবে মেসির দল।