স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৬, ০৫:৩৮ পিএম
বার্সেলোনা মাঠে দারুণ ফুটবল খেলে সবাইকে মুগ্ধ করছে, কিন্তু মাঠের বাইরে ক্লাবের সভাপতি নির্বাচন নিয়ে উত্তেজনা বাড়ছে। আগামী ১৫ মার্চ ২০২৬ বার্সেলোনার সভাপতি নির্বাচন হবে। এবারের নির্বাচনে শক্তিশালী প্রার্থী ভিক্টর ফন্ট ঘোষণা করেছেন, তিনি জিতলে প্রথম কাজ করবেন লিওনেল মেসির সঙ্গে যোগাযোগ করা। কাতালান ব্যবসায়ী ফন্ট বলেছেন, মেসিকে বার্সেলোনায় ফেরানো তাঁর জন্য সবচেয়ে বড় অগ্রাধিকার।
তিনি বলেন, ‘যদি আমি জিতি, তাহলে প্রথম ফোন করব লিও মেসিকে। তাঁর সঙ্গে সরাসরি বা অন্যভাবে যোগাযোগের রাস্তা আমার জানা আছে। ক্লাবের সবচেয়ে বড় কিংবদন্তিদের সঙ্গে সম্পর্ক আবার মজবুত করাই আমার মূল লক্ষ্য।’
মেসি বার্সেলোনার ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড়। তিনি ক্লাবের হয়ে ৬৭২ গোল করেছেন, ৩৫টি ট্রফি জিতেছেন। যার মধ্যে ৪টি চ্যাম্পিয়নস লিগ ও ৩টি ক্লাব বিশ্বকাপ। অ্যাসিস্টের রেকর্ডও তাঁর দখলে। ফন্ট বলেন, ‘মেসিই আমাদের ইতিহাস। আমরা জিতলে তাঁকে আমাদের পরিকল্পনা জানাব এবং ক্লাবে তাঁর যে সম্মান পাওয়ার কথা, সেটা নিশ্চিত করব।’
২০২১ সালে আর্থিক সমস্যার কারণে মেসিকে বার্সা ছাড়তে হয়। তিনি পিএসজিতে যান, যা বার্সা ফ্যানদের মনে এখনও ব্যথা দেয়। ফন্ট বর্তমান সভাপতি জোয়ান লাপোর্তার কঠোর সমালোচনা করে বলেন, মেসির মতো খেলোয়াড়, ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক হারানো ক্লাবের জন্য বড় ক্ষতি।
তিনি চান দ্রুত খেলাধুলা, বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক- এই তিন দিক থেকে মেসির সঙ্গে সম্পর্ক ঠিক করতে। তবে ফন্ট স্বীকার করেছেন, মেসির ফেরা সহজ হবে না।
বর্তমানে মেসি ইন্টার মিয়ামিতে খেলছেন। গত বছর তিনি ২০২৮ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়েছেন। অনেকে মনে করেন, ক্যারিয়ারের শেষটা তিনি আমেরিকাতেই কাটাবেন। তবে মেসি একবার বলেছেন, অবসরের পর পরিবার নিয়ে বার্সেলোনায় ফিরে থাকতে চান।
ফন্টের এই মেসি-ফেরানোর প্রতিশ্রুতি নির্বাচনের প্রচারে নতুন আলোচনা শুরু করেছে। নির্বাচনের ফলাফলই বলে দেবে, মেসিকে নিয়ে বার্সেলোনার ভবিষ্যৎ কোন দিকে যাবে।