স্পোর্টস ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ পিএম
ব্যাটিং ব্যর্থতার মাঝে হতাশা, পদত্যাগপত্র, মেয়াদ শেষে বিদায়ের কথা- সবকিছুর পরও বাংলাদেশের কোচিং স্টাফে কোনো পরিবর্তন আসছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে দায়িত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন।
সালাউদ্দিনের চুক্তি মূলত আগামী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তবে আয়ারল্যান্ড সিরিজের পর দায়িত্ব ছাড়তে চেয়ে তিনি ৫ নভেম্বর পদত্যাগপত্র জমা দেন। কিন্তু বিসিবি এখনো সেই পদত্যাগ গ্রহণ করেনি। নাজমূল বলেন, “পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি, তাই তিনি দায়িত্বেই থাকছেন।”
অন্যদিকে, আশরাফুলকে নেওয়া হয়েছিল শুধু আয়ারল্যান্ড সিরিজের জন্য। তবে আন্তর্জাতিক ম্যাচ না থাকায় এবং কোচিং সেটআপে পরিবর্তনের পরিকল্পনা না থাকায় তাকেও বিশ্বকাপ পর্যন্ত দলেই রাখার কথা জানায় বোর্ড। যদিও আশরাফুল নিজে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বার্তা পাননি।
গত নভেম্বর জাতীয় দলের কোচিং স্টাফে যোগ দেন সালাউদ্দিন। প্রথমে দায়িত্ব পেলেও সাম্প্রতিক সময়ে ব্যাটিং ব্যর্থতার কারণে সমালোচনার মুখে পড়েন তিনি। সেই প্রেক্ষিতেই সিরিজভিত্তিকভাবে ব্যাটিং দায়িত্ব পান আশরাফুল। এরপরই পদত্যাগের সিদ্ধান্ত জানান সালাউদ্দিন। তবে বোর্ডের সঙ্গে আলাপের পর আপাতত দুজনকেই রেখে দিচ্ছে বিসিবি।
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে জাতীয় দলের কোচিং প্যানেলে আর কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই।