স্পোর্টস ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৫, ০১:২১ পিএম
পাকিস্তান ক্রিকেট বরাবরই বিশ্বকে উপহার দিয়েছে একের পর এক মহাতারকা ইমরান খান, শোয়েব আক্তার, ওয়াকার ইউনুস, শহীদ আফ্রিদি থেকে শুরু করে বর্তমান সময়ের বাবর আজম। প্রতিভার এই ধারাকে এগিয়ে নিতে পাকিস্তানের পাইপলাইনে আবারও উঠে আসছে নতুন নতুন মুখ। তাঁদের মধ্যেই একজনকে ভবিষ্যতের সুপারস্টার হিসেবে দেখছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ওয়েইন পারনেল। তার চোঁখে তরুণ অলরাউন্ডার মায সাদাকাত ম্যান ইন গ্রিনদের ভবিষ্যত সুপারস্টা।
এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলার পর এখন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) জানকপুর বোল্টসের হয়ে নিজের ঝলক দেখাচ্ছেন ২০ বছর বয়সী এই স্পিনিং অলরাউন্ডার। দলে তাঁর অধিনায়কই পারনেল। তরুণ সতীর্থের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘পাকিস্তানের পরবর্তী সুপারস্টার (মায সাদাকাত)।’
এনপিএলে এখন পর্যন্ত তিন ম্যাচে সাদাকাত ব্যাট হাতে করেছেন ৯৫ রান, স্ট্রাইক রেট ১৭৯-এর বেশি। চিতওয়ান রিনোসের বিপক্ষে তাঁর ৩০ বলে ঝড়ো ৬৩ রান দলকে এনে দেয় দুর্দান্ত শুরু। শুধু ব্যাট নয়, বল হাতেও সমান কার্যকর বাঁহাতি অর্থোডক্স এই স্পিনার, ইকোনমি ৬.৫০, উইকেট ৩টি।

এর আগে এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপেও ছিল তাঁর তুমুল আধিপত্য। ব্যাটে ১২৯ গড়ে ২৫৮ রান করে হন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। পাশাপাশি বল হাতে ৭ উইকেট নিয়ে জেতেন ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কার। ভারতের বিপক্ষে ম্যাচটিই ছিল তাঁর ক্যারিয়ারের সেরা; মাত্র ১২ রানে ২ উইকেট, পরে ব্যাটে অপরাজিত ৭৯ রানের ইনিংস।
সব মিলিয়ে ব্যাট-বলের দুই দিকেই সমান দক্ষতা দেখিয়ে মায সাদাকাত আগেই জানিয়ে দিয়েছেন নিজের সম্ভাবনার কথা। এখন শুধু সময়ের অপেক্ষা ওয়েইন পারনেলের ভবিষ্যদ্বাণী সত্যি করে তিনি কি সত্যিই হয়ে উঠবেন পাকিস্তানের পরবর্তী মহাতারকা?