স্পোর্টস ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম
চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়ার নির্দেশ দেওয়ার পর এবার বিজয় হাজারে ট্রফিতে খেলতে যাচ্ছেন বিরাট কোহলি। দিল্লির হয়ে ২৪ ডিসেম্বর আহমেদাবাদে শুরু হতে যাওয়া ভারতের ওয়ানডে টুর্নামেন্টটিতে দেখা যাবে তাকে। দীর্ঘ ১৬ বছর পর এই টুর্নামেন্টে ফিরছেন ভারতের সাবেক অধিনায়ক। সবশেষ ২০১০ সালের ১৮ ফেব্রুয়ারি দিল্লির হয়ে বিজয় হাজারে খেলেছিলেন তিনি।
দিল্লি ও ডিসট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) সচিব অশোক শর্মা কোহলির অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, কোহলিকে কয়েকটি ম্যাচে পাওয়া যাবে, তবে পুরো টুর্নামেন্ট খেলবেন কি না- এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ঘরোয়া ক্রিকেটে ফেরার আগে দুর্দান্ত ফর্মে রয়েছেন কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে তিনি খেলেছেন ১৩৫ রানের ইনিংস, যা তার ওয়ানডেতে ৫২তম শতক। সিরিজের বাকি দুই ম্যাচ শেষে দিল্লি দলের সঙ্গে যুক্ত হবেন তিনি।
আগামী ৮ জানুয়ারি পর্যন্ত বিজয় হাজারে ট্রফির গ্রুপ পর্বে সাতটি ম্যাচ খেলবে দিল্লি। এরপর ১১ জানুয়ারি শুরু হবে ভারত–নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টেস্ট ও টি–টোয়েন্টি থেকে বিদায় নেওয়া কোহলি এখন শুধু ওয়ানডেতে দেশের প্রতিনিধিত্ব করছেন।