স্পোর্টস ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ এএম
২০২৫ সালটি ছিল বাংলাদেশের টি–টোয়েন্টি ক্রিকেটের জন্য এক বিশেষ বছর। উত্থান-পতনে ভরা এই বছরে নতুন নতুন রেকর্ড গড়ে চমক দেখিয়েছে টাইগাররা। বছরের শেষ ম্যাচে এসে বাংলাদেশ প্রথমবারের মতো এক পঞ্জিকাবর্ষে ২০০ ছক্কার মাইলফলক ছুঁয়ে ফেলেছে। আগের রেকর্ড ছিল ২০২৪ সালের ১২২ ছক্কা, এবার সেটি ছাড়িয়ে থেমেছে ২০৬-এ, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।
২০২৫ সালে বাংলাদেশ মোট ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে, জিতেছে ১৫টি, হেরেছে ১৪টি, এবং একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। এক বছরে ১৫ জয়, এটিই এখন বাংলাদেশের টি–টোয়েন্টির নতুন রেকর্ড।
বছরের শুরুটা সুখকর ছিল না; সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-০ ব্যবধানে হার দিয়ে যাত্রা। পাকিস্তান সফরে হেরেও ঘরের মাঠে সেই পাকিস্তানকেই হারায় লাল-সবুজরা। শ্রীলঙ্কাকে হারায় তাদের মাঠে, নেদারল্যান্ডসকে হারিয়ে যায় এশিয়া কাপে।
এশিয়া কাপে জিতে ৩টি ম্যাচ। এরপর আফগানিস্তানকে ৩-০ তে হোয়াইটওয়াশ। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ হারে কিছুটা ধাক্কা খায় দল। বছরের শেষটা হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে ২-১ সিরিজ জয় দিয়ে।
২০২৫ সালে বাংলাদেশের ব্যাটাররা মেরেছেন ২০৬টি ছক্কা, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ। ১৮ জন ব্যাটসম্যান ছক্কা হাঁকিয়েছেন, যার মধ্যে ওপেনাররা সবচেয়ে এগিয়ে।
তানজিদ হাসান তামিম ৪১ ছক্কা (এক বছরে বাংলাদেশের সর্বোচ্চ)। পারভেজ হোসেন ৩৪ ছক্কা, সাইফ হাসান ২৯ ছক্কা, লিটন দাস ২৩ ছক্কা, জাকের আলী ১৯ ছক্কা, তাওহিদ হৃদয় ১৪ ছক্কা, তানজিদ, লিটন, পারভেজ ও সাইফ এই চার টপ অর্ডার মিলেই মেরেছেন ১২৭টি ছক্কা, যা দলের মোট ছক্কার বড় অংশ।
এ বছর বাংলাদেশ তুলেছে মোট ৪২২৯ রান (অতিরিক্ত বাদে) যার ২৯% এসেছে ছক্কা থেকে। চার হাঁকানোর সংখ্যাও রেকর্ড ২৯৮টি। তবে এত রেকর্ডের পরও বিশ্বরেকর্ডটি অধরা রয়ে গেছে।
বিশ্বে এক বছরে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড বর্তমানে রয়েছে অস্ট্রিয়ার দখলে। ২০২৫ সালে অস্ট্রিয়ার ব্যাটসম্যানরা মেরেছেন ৩২৬টি ছক্কা, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। তালিকার দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান ৩৪ ম্যাচে তাদের ছক্কার সংখ্যা ২৩৫টি।
বাংলাদেশের অবস্থান তালিকার চতুর্থ। তাদের ঠিক ওপরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, যারা ছক্কায় বরাবরের মতোই একটি শক্তিশালী দল।