Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বরেকর্ড তামিমের

স্পোর্টস ডেস্ক

০২ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩ পিএম

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয়টি জিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে আজ মাঠে নেমেছে দুই দল। সিরিজ জয়ের লক্ষ্যে আগে বোলিং করেছে টাইগাররা। রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমানদের দুর্দান্ত বোলিংয়ে আইরিশরা গুটিয়ে গেছে ১১৭ রানেই। প্রতিপক্ষকে অল আউট করার পথে বিশ্বরেকর্ড গড়েছেন তানজিদ তামিম। 

আয়ারল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে ফিল্ডিং করেই দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন বাংলাদেশি এই ওপেনার। আইরিশদের বিপক্ষে আজ তিনি নিয়েছেন ৫টি ক্যাচ। মোস্তাফিজ, রিশাদের দুই উইকেটে ক্যাচ নিয়েছেন তামিম, আর সাইফউদ্দিনের বলে নিয়েছেন ১টি ক্যাচ। 

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এক ম্যাচে কোনো ফিল্ডারের যৌথভাবে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড এটি। তবে পূর্ণ সদস্যের দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে এক ম্যাচে ৫টি ক্যাচ ধরার ঘটনা এটিই প্রথম।

সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রান করে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করে পল স্টার্লিং। আজ বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। ২ উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।