Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

উইলিয়ামসনকে ফিরিয়ে নিউজিল্যান্ডের টেস্ট দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

২৪ নভেম্বর ২০২৫, ০৩:২৭ পিএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য নিউজিল্যান্ড স্কোয়াড ঘোষণা করেছে। ঘোষিত দলে ফিরছেন দলটির অভিজ্ঞ ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। এছাড়া প্রথম টেস্টের জন্য ১৪ জনের স্কোয়াডে জায়গা পেয়েছেন পেসার জ্যাকব ডাফি, জাকারি ফোকস এবং ব্লেয়ার টিকনার। এছাড়া দলে আছেন ড্যারিল মিচেলও, যিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পাওয়া গ্রোইন ইনজুরি থেকে সেরে উঠেছেন।

উইলিয়ামসন গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে খেলেননি। গত বছরের ডিসেম্বরের পর নিউজিল্যান্ডের কোনো টেস্টে তার অংশগ্রহণ হয়নি। ডাফি ও ফোকস জিম্বাবুয়ের বিপক্ষে একসাথে টেস্ট অভিষেক করেছিলেন। বিশেষ করে ফোকস তার অভিষেক ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে ৯/৭৫ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন। আর টিকনার মার্চ ২০২৩-এর পর এই প্রথম টেস্ট দলে ফিরছেন ।

কাইল জেমিসন এবং গ্লেন ফিলিপসকে রাখা হয়নি টেস্ট স্কোয়াডে। তারা এখনো ইনজুরি থেকে সেরে উঠছেন এবং নিয়ন্ত্রিত পরিকল্পনার মাধ্যমে রেড-বল ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। ম্যাট ফিশার (শিন), উইল ও’রুর্ক (পিঠ) এবং বেন সিয়ার্স (হ্যামস্ট্রিং) এখনও তাদের ইনজুরি থেকে পুরোপুরি ফিট হননি।

হেড কোচ রব ওয়াল্টার উইলিয়ামসনের স্কোয়াডে ফেরা নিয়ে বললেন, “কেনের মাঠে দক্ষতা নিজের জন্যই কথা বলে। তার ব্যাটিং এবং নেতৃত্ব- উভয়ই টেস্ট দলে ফিরে আসায় আমাদের জন্য দারুণ হবে।”

নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট শুরু হবে ২ ডিসেম্বর, হ্যাগলি ওভালে, ক্রাইস্টচার্চে।

নিউজিল্যান্ডের প্রথম টেস্ট স্কোয়াড:

টম লাথাম (ক্যাপ্টেন), টম ব্লান্ডেল (উইকেটকিপার), মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জাকারি ফোকস, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, কেন উইলিয়ামসন, উইল ইয়ং