স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০২৫, ০৭:০৪ পিএম
বার্সেলোনার কিংবদন্তি লিওনেল মেসি আবারও স্পষ্ট করেছেন, তার ইচ্ছে ছিল ক্যারিয়ারের শেষ পর্যন্ত বার্সেলোনার জার্সিতেই খেলা। নতুন রূপে সাজানো স্পটিফাই ক্যাম্প ন্যু ঘুরে দেখার পরই এই মন্তব্য করেন তিনি।
২০২১ সালের গ্রীষ্মে আর্থিক সংকটের কারণে নাটকীয়ভাবে বার্সা ছাড়তে বাধ্য হন মেসি। চুক্তি নবায়নের বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে ক্লাবের আর্থিক জটিলতায় সেই প্রস্তাবই বাতিল হয়ে যায়।
বিদায়ের সংবাদ পেয়ে চোখের জল ধরে রাখতে পারেননি মেসি। বিদায়ী সংবাদ সম্মেলনে আবেগে ভেঙে পড়েছিলেন তিনি।
৮ বার ব্যালন ডি’অর জেতা এই ফুটবলারের মুখে আবারও শোনা গেল সেই একই আকাঙ্ক্ষার কথা। তার পুরো খেলোয়াড়ি জীবনটাই কাতালান ক্লাবটিতে শেষ করার পরিকল্পনাই ছিল।
দিয়ারিয়ো স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, “আমি চেয়েছিলাম পুরো ক্যারিয়ারই বার্সেলোনায় শেষ করতে, আর কোনো ক্লাবে যেতে চাইনি। দুর্ভাগ্যজনকভাবে বিষয়গুলো অন্যভাবে ঘটেছে। বার্সেলোনা এখনো আমার ক্লাব, আমার পরিবার, আমার বাড়ি।”