images

স্পোর্টস / ফুটবল

পেনাল্টি মিসে জয় হাতছাড়া, তিউনিসিয়ার সঙ্গে ব্রাজিলের ড্র

স্পোর্টস ডেস্ক

১৯ নভেম্বর ২০২৫, ০৩:৫০ এএম

দারুণ ছন্দে থাকা ব্রাজিলিয়ান তারকা এস্তেভাওয়ের ঝলক সত্ত্বেও বিশ্বকাপ প্রস্তুতি সামনে রেখে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ধাক্কা খেল ব্রাজিল। আগের ম্যাচে সেনেগালকে ২-০ গোলে হারানো দলটি মঙ্গলবার রাতে তিউনিসিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। এই ম্যাচে জয়ের দারুণ সুযোগ পেয়েছিল ব্রাজিল, কিন্তু লুকাস পাকেতার পেনাল্টি মিসের কারণে শেষ পর্যন্ত জিততে পারেনি ‘সেলেসাও’রা। এছাড়াও কাছাকাছি গিয়ে আরও কয়েকটি সুযোগ হাতছাড়া করেছে দলটি।

লিলে ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও বল দখলে এগিয়ে ছিল ব্রাজিল। তবে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখলেও ব্রাজিল যেন ঠিক ছন্দে ছিল না। তাদের আক্রমণগুলো ছিল লক্ষ্যহীন এবং খেলোয়াড়দের মধ্যে সমন্বয়ের অভাব ছিল চোখে পড়ার মতো। ভুল পাসের কারণে আক্রমণগুলো বারবার তাল হারানোয় কাঙ্ক্ষিত গোল পাওয়া যাচ্ছিল না।

ব্রাজিলের এই ছন্দহীনতার সুযোগ নিয়ে প্রতি-আক্রমণ থেকে আকস্মিক গোল আদায়ের চেষ্টা করে তিউনিসিয়া। সেই লক্ষ্যে শেষ পর্যন্ত সফলও হয় তারা। ম্যাচের ২৩ মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে গোল করে তিউনিসিয়াকে এগিয়ে দেন হাজেম মাসতৌরি।

গোল খেয়ে ব্রাজিল স্বরূপে ফেরার চেষ্টা করে এবং কয়েকবার আক্রমণেও যায়। ব্রাজিলের আক্রমণের চাপে একসময় ভেঙেই পড়ে তিউনিসিয়ার রক্ষণ। প্রথমার্ধের শেষ মুহূর্তে আফ্রিকান দেশটি ব্রাজিলকে পেনাল্টি উপহার দেয়। দারুণ এক শটে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান এস্তেভাও। ব্রাজিলের হয়ে চার ম্যাচে এটি এস্তেভাওয়ের চতুর্থ গোল। এই গোলের পর সমতাতেই শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর সংগঠিত ও আগ্রাসী ব্রাজিলের দেখা মেলে। পরপর কয়েকবার আক্রমণে গিয়ে তিউনিসিয়ার রক্ষণকে কাঁপিয়ে দিলেও প্রত্যাশিত গোলটি মিলছিল না কোনোভাবে।

এ সময় তিউনিসিয়া যথারীতি প্রতি-আক্রমণের ওপর নির্ভর করে এবং এই কৌশলে দারুণ কিছু সুযোগও তৈরি করে, যদিও তারাও গোল পেতে ব্যর্থ হয়। কিন্তু ম্যাচের পার্থক্য গড়ে দেয় আরেকটি সুযোগ। দ্বিতীয় পেনাল্টি গোলে এগিয়ে যেতে পারত ব্রাজিল, কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন লুকাস পাকেতা। এই মিসই মূলত ম্যাচের পার্থক্য গড়ে দেয় এবং শেষ পর্যন্ত ড্র করে মাঠ ছাড়ে দুই দল।

প্রতিনিধি/একেবি