স্পোর্টস ডেস্ক
১০ নভেম্বর ২০২৫, ১০:৫৫ পিএম
২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই বাংলাদেশ জাতীয় ফুটবল দলে অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর। সেবার ম্যাচটি গোলশূন্য ড্র হলেও দারুণ খেলেছিলেন বাংলাদেশি এই মিডফিল্ডার। এবার তিনি আরও ভালো কিছু করতে চান ভারতের বিপক্ষে।
আগামী ১৮ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ ও ভারতের ফিরতি ম্যাচ। এই ম্যাচের জন্যই আজ (রবিবার) বিকেলে ইংল্যান্ড থেকে ঢাকায় এসে পৌঁছেছেন হামজা চৌধুরী।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা ফুল দিয়ে তাকে স্বাগত জানান।
পরে বাফুফের এক ভিডিও বার্তায় হামজা বলেন,‘এমন দারুণ অভ্যর্থনা দেওয়ায় আপনাদের ধন্যবাদ। আমি ঢাকা ফেরত এসেছি। ভারতের সঙ্গে এত বড় একটা ম্যাচ হবে ইনশাআল্লাহ। তার আগে নেপালের সঙ্গে একটা ম্যাচ আছে। শেষ ম্যাচে জিততে পারিনি। কিন্তু খেলায় উন্নতি হয়েছে। ইন্ডিয়ার সঙ্গে জিতমু ইনশাআল্লাহ। সবাই আমরা রোমাঞ্চিত। কঠোর পরিশ্রম করছি।’
তবে শুরুতে কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে হামজাকে। দুপুরে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও ইংল্যান্ডে যানজটে পড়ে নির্ধারিত ফ্লাইট মিস করেন তিনি। পরে নিজ খরচে আরেকটি ফ্লাইটে বিকেলে ঢাকায় পৌঁছান। এরপর সোনারগাঁও হোটেলে পৌঁছালে আবারও ফুল দিয়ে তাকে বরণ করা হয়।
বাংলাদেশ জাতীয় দল ১৩ নভেম্বর নেপাল ও ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে খেলবে। দুটি ম্যাচই হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। এর আগে হংকংয়ের সঙ্গে ১-১ ড্র করে এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা প্রায় শেষ হয়ে যায় বাংলাদেশের। এখন পর্যন্ত চার ম্যাচে দুটি ড্র ও দুটি হারের মুখ দেখেছে হাভিয়ের কাবরেরার দল। ভারতের বিপক্ষে ম্যাচটি হবে বাংলাদেশের পঞ্চম ও শেষ ম্যাচ।