Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

স্ত্রীকে ক্ষমা করে দিতে বলেছিলেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক

০৪ নভেম্বর ২০২৫, ০৪:৩৩ পিএম

দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়ানক। এ রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই প্রাণ যাচ্ছে মানুষের। সম্প্রতি ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদও। ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর তার পরিস্থিতি সংকটাপন্ন অবস্থায় পৌঁছেছিল। মৃত্যুকে যেন কাছে থেকে দেখেছেন তিনি। তবে কঠিন অবস্থা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠছেন তিনি। তারই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন রিয়াদের স্ত্রী। 

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত প্রোফাইলে কার্ডিওথোরাসিক হাই ডিপেন্ডেন্সি ইউনিটের (সিএইচডিউ) একটি ছবি পোস্ট করেছেন রিয়াদের স্ত্রী মিষ্টি। ছবির ক্যাপশনে লিখেছেন ভয়াবহ অভিজ্ঞতার কথা। 

রিয়াদের স্ত্রী লিখেন, ‘এই দরজার সামনে আল্লাহ আর কখনো দাঁড় না করাক। এটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন আর ভয়ংকর সময় (27/10/2025)। এই দরজার ভিতরে ঢুকার আগে সে যখন আমাকে বললো আমি যেন তাকে ক্ষমা করে দেই, সেটা শুনেও আমি এমন ভান করলাম যেন কিছুই হয়নি, হবেও না ইনশাআল্লাহ। ওই সময় নিজেকে খুব শক্ত করে সামলালাম এখন সেটা ভেবে নিজের কাছেই খুব অবাক লাগছে সেই আমি কিভাবে এতো শক্ত ছিলাম।’

misty

তিনি আরও লিখেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাসী ছিলাম যে আমার আল্লাহ আমাকে সবরের পরীক্ষা করছিলেন, এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হবোই হব ইনশাআল্লাহ। কিন্তু যতক্ষণ তার পাশে ছিলাম মনে মনে ভয় পাচ্ছিলাম আর ভাবছিলাম তার হায়াত কতটুকু সেটা তো একমাত্র আল্লাহই জানেন।’

তবে সৃষ্টিকর্তার রহমতে কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছেন জানিয়ে তিনি আরও লিখেন, ‘সর্বক্ষণ দোয়া আর জিকিরে কিভাবে যেন সেই কঠিন সময়টুকু পার হয়ে গেল আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ মহান, পরম দয়ালু। তার দয়ার কাছে আমি চিরকৃতজ্ঞ। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা কখনো ভোলা যায় না। সেই কঠিন সময়টুকু এখনো বার বার মনে পড়ছে, হয়তো এই ট্রমা কাটতেও সময় লাগবে।’