images

স্পোর্টস / ফুটবল

ইতিহাস গড়ে বিশ্বকাপে ৫ লাখ জনসংখ্যার কেপ ভার্দে

স্পোর্টস ডেস্ক

১৪ অক্টোবর ২০২৫, ১২:৪৩ পিএম

বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলবে এমন কল্পনাও করেননি অনেকেই। কিন্তু অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে ৫ লাখ জনসংখ্যার ছোট্ট দ্বীপ দেশ কেপ ভার্দে। ইতিহাসে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে তারা।

গত রাতে আফ্রিকান বাছাইপর্বে এসওয়াতিনিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে কেপ ভার্দে। এর মধ্য দিয়ে আফ্রিকান অঞ্চল থেকে বিশ্বকাপে জায়গা পাওয়া সবচেয়ে ছোট আয়তনের দেশ হয়ে নতুন রেকর্ড গড়েছে তারা।

মাত্র ৪ হাজার বর্গকিলোমিটার আয়তনের দেশটির জনসংখ্যা ৫ লাখ ২৫ হাজার। ২০০০ সালে প্রথমবার বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেয় কেপ ভার্দে। সেই তুলনায় ফুটবল ফেডারেশনও বেশ নতুন, চলতি বছরই প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি হলো।

অর্থনৈতিকভাবে দুর্বল অবস্থার মাঝেও এবারের বাছাইপর্বে চমক দেখায় দলটি। শুরু থেকেই দুর্দান্ত ফর্মে থেকে একে একে প্রতিপক্ষদের হারিয়ে এগিয়ে যায়।

ঐতিহাসিক ম্যাচটি অনুষ্ঠিত হয় রাজধানী প্রাইয়ার স্টেডিয়ামে। প্রায় ১৫ হাজার দর্শক মাঠে বসে উপভোগ করেন ম্যাচটি। প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধে আসে তিনটি গোল। পুরো দেশ উল্লাসে ফেটে পড়ে।

এর আগে বিশ্বকাপে খেলা সবচেয়ে ছোট আয়তনের দেশের রেকর্ড ছিল ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর (আয়তন: ৫ হাজার বর্গকিলোমিটার)। এবার সেটি ভেঙে দিল কেপ ভার্দে।

জনসংখ্যার দিক থেকেও এটি একটি বড় অর্জন। কেবল আইসল্যান্ড (২০০৬ বিশ্বকাপ, ৩ লাখ জনসংখ্যা) ইতিহাসে কেপ ভার্দের চেয়ে ছোট জনসংখ্যার দল হিসেবে বিশ্বকাপে খেলেছে। বিশ্ব ফুটবলের মানচিত্রে নতুন করে জায়গা করে নেওয়া কেপ ভার্দের এই সাফল্য অনুপ্রেরণা হয়ে থাকবে বহু ছোট দেশের জন্য।