স্পোর্টস ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৭ পিএম
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ এবার খেলতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য আটলান্টা ওপেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে। তিনি প্রতিনিধিত্ব করবেন আটলান্টা ফায়ার দলের হয়ে।
আয়োজকরা রিয়াদকে ‘স্টার’ আখ্যা দিয়ে তার অংশগ্রহণের কথা নিশ্চিত করেছে। সামাজিক মাধ্যমে তারা লিখেছে, “স্টারপাওয়ার আনলকড! মাহমুদউল্লাহ রিয়াদ আটলান্টা ফায়ারের হয়ে খেলবেন আটলান্টা ওপেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে।”
আগামী ৭ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের রাইদালের পরমবীর ক্রিকেট কমপ্লেক্সে শুরু হবে এই টুর্নামেন্ট, যা চলবে ১২ অক্টোবর পর্যন্ত। আয়োজকদের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ছয়টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এর আগে ২০২১ সালে টেস্ট এবং ২০২৩ সালে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন তিনি।
রিয়াদ তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৪১টি ম্যাচে ২৩.৫০ গড়ে করেছেন ২৪৪৪ রান, পাশাপাশি বল হাতে নিয়েছেন ৪১টি উইকেট। সিপিএল ও পিএসএলের মতো বিভিন্ন বিদেশি লিগে আগেও খেলেছেন তিনি। এবার যুক্তরাষ্ট্রের মাটিতে দেখা যাবে তাকে।
আটলান্টা ফায়ার দলের হয়েই মাইনর লিগে খেলার কথা রয়েছে আরেক বাংলাদেশি তারকা সাকিব আল হাসানেরও। ফলে এই দলে একসঙ্গে খেলতে দেখা যেতে পারে দুই অভিজ্ঞ টাইগার ক্রিকেটারকে। বর্তমানে সিপিএলে খেলছেন সাকিব আল হাসান।