Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

হামজা চৌধুরীকে নিয়ে দীর্ঘ পোস্ট মাশরাফির

স্পোর্টস ডেস্ক

১৯ মার্চ ২০২৫, ১১:২৫ এএম

বাংলাদেশের ক্রীড়াঙ্গন এখন হামজাময়। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত শুধু হামজা আর হামজা। হবেই না কেন, বাংলাদেশের ফুটবল ইতিহাসে এত বড় সুপারস্টার কখনো খেলেননি। দক্ষিণ এশিয়াতেও বিরল ঘটনা। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার এ অঞ্চলের কোনো দেশের হয়ে খেলবেন তা স্বপ্নেও ভাবা যায়নি। সেই হামজা দেওয়ান চৌধুরী লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়ে খেলতে বাংলাদেশে এসেছেন। এ তারকা ফুটবলার বাংলাদেশে নতুন ইনিংস শুরু করতে যাওয়ায় নানা অঙ্গনের মানুষ তাকে শুভকামনা জানাচ্ছেন। এবার এ তালিকায় যুক্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। 

টাইগারদের সাবেক অধিনায়কের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া পোস্ট তুলে ধরা হল- আপনার আগমনে প্রথম প্রেমের সেই রোমাঞ্চ যেন আবার টের পাচ্ছি, যে প্রেমের নাম ফুটবল! আমাদের ছেলেবেলায়, শৈশব-কৈশোরে ফুটবল ঘিরে যে উন্মাদনা ছিল, কয়েক দিন ধরে বাংলাদেশের ফুটবলে যেন দিনগুলোই ফিরে এসেছে।’

‘ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার আমাদের দলে খেলেন, লেস্টার সিটি বা শেফিল্ড ইউনাইটেডের খেলায় তার নামের পাশে আমাদের দেশের নামও উচ্চারিত হবে, এই দেশের জন্য এটা বড় পাওয়া। আপনার প্রতি কৃতজ্ঞতা। যে শেকড়ের কারণে এটা সম্ভব হয়েছে, সেই পরিবারের প্রতি কৃতজ্ঞতা।’

আপনি এসেই জাদুকরী কিছু করে রাতারাতি দেশের ফুটবল বদলে দেবেন, এমন আকাশছোঁয়া প্রত্যাশা আমার নেই। মাঠে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকাও আমার জানা আছে। স্রেফ আশা করব, আপনার ছোঁয়ায় দেশের ফুটবলে নতুন প্রাণের জোয়ার আসবে, লোকের আগ্রহ বাড়বে, শিশু-কিশোররা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখবে, আর্জেন্টিনা-ব্রাজিল দল বা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মতোই নতুন প্রজন্ম বাংলাদেশের ফুটবলকে আপন করে নেবে। আশা করব, আপনাকে ঘিরে দেশের ফুটবলের সংস্কৃতিতে পরিবর্তন আসবে, আপনার পায়ে পায়ে দেশের সামগ্রিক ফুটবল এগিয়ে যাবে।’

‘জামাল ভূঁইয়া, তারেক কাজীসহ প্রবাসী যারা এসে দেশের ফুটবলকে সমৃদ্ধ করেছেন, আরও যারা আসবেন, সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা। ফুটবল আমাদের প্রাণের খেলা। ফুটবলে এই নতুন দিনের গান আমাদের মনেও নতুন স্বপ্নের দোলা দিচ্ছে। ভারতের বিপক্ষে ম্যাচ ও সামনের দিনগুলির জন্য শুভকামনা হামজা। শুভকামনা বাংলাদেশ ফুটবল দল।’

আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে হামজা চৌধুরীর।